গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে রয়েছেন মেয়র পদে আওয়ামী লীগের তিন ‘বিদ্রোহী’। তাঁদের একজনকে আবার সমর্থন দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মন্জুরুল ইসলাম। ফলে ভোট ভাগাভাগি হওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ দল মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল মামুন।
গাইবান্ধার তিনটি পৌরসভার মধ্যে সুন্দরগঞ্জে মেয়র প্রার্থীর সংখ্যা বেশি। এখানে মেয়র পদে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিনজনই আওয়ামী লীগের বিদ্রোহী। তাঁরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা দেবাশীষ কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ-উল-ইসলাম এবং আওয়ামী লীগের সমর্থক শাহীন আহম্মেদ।
পৌরসভায় অন্য চারজন মেয়র প্রার্থী হলেন উপজেলা বিএনপির উপদেষ্টা আজাদুল করিম প্রামাণিক (বিএনপি), উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মশিউর রহমান (জাতীয় পার্টি), উপজেলা জেপির সদস্য মশিয়ার রহমান (জেপি) ও উপজেলা জাসদের সদস্য এবং পৌর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন (জাসদ)। আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থীরা সমানতালে প্রচারণা চালাচ্ছেন। বিদ্রোহীদের মধ্যে মাসুদ-উল-ইসলামকে সমর্থন দিচ্ছেন সাংসদ মন্জুরুল ইসলাম। সাংসদের সমর্থকেরাও তাঁর পক্ষে নির্বাচনী মাঠে প্রচারণা চালাচ্ছেন। গত বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সাংসদ মন্জুরুল হেলিকপ্টারে ঢাকা থেকে সুন্দরগঞ্জে এলে মাসুদ-উল-ইসলাম তাঁকে ফুল দিয়ে বরণ করেন। এরপর থেকে মাসুদ-উল-ইসলামকে সমর্থন দেওয়ার বিষয়টি ভোটারদের কাছে পরিষ্কার হয়ে ওঠে।
আবদুল্লাহ আল মামুনের অভিযোগ, ‘গত ২ অক্টোবর সাংসদের গুলিতে শিশু শাহাদাত আহত হওয়ার প্রতিবাদে আমার নেতৃত্বে মিছিল সমাবেশ, কর্মসূচি পালিত হয়। এতে ঈর্ষান্বিত হয়ে সাংসদ দলীয় মনোনয়ন প্রদানে আমার বিরোধিতা করেছিলেন। এমনকি তিনি লুৎফর রহমান নামের এক নেতাকে মেয়র পদে স্বতন্ত্র হিসেবে দাঁড় করিয়েছিলেন। পরে তিনি (লুৎফর রহমান) প্রত্যাহার করায় এখন বিদ্রোহী প্রার্থী মাসুদ-উল-ইসলামের পক্ষে কাজ করছেন সাংসদ। একাধিক প্রার্থীর কারণে নৌকার ভোট ভাগাভাগি হতে পারে।’
বিদ্রোহী বসানো প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শামস-উল-আলম বলেন, ‘বিদ্রোহী থাকলেও দলীয় প্রার্থীর ভোটের কোনো ক্ষতি করতে পারবে না। এ কারণে বিষয়টি নিয়ে ভাবছি না।’
জানতে চাইলে সাংসদ মন্জুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সংসদ সদস্য হিসেবে কোনো প্রার্থীর পক্ষে কাজ করছি না। আওয়ামী লীগের সভাপতি হিসেবে বললে বরং আবদুল্লাহ আল মামুনই দলের সহযোগিতা নিচ্ছেন না। তিনি বিএনপি-জামায়াতের ভোট নেওয়ার জন্য আওয়ামী লীগকে এড়িয়ে চলছেন। প্রচারণা চালাচ্ছেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে।’
অপরদিকে জামায়াত এই পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে বলে ভোটারদের মধ্যে আলোচনা রয়েছে। ভোটাররা মনে করেন, একদিকে বিএনপি-জামায়াতের ঐক্য, অন্যদিকে আওয়ামী লীগে একাধিক প্রার্থী। এই দুই কারণে ভালো করতে পারেন বিএনপিদলীয় প্রার্থী আজাদুল করিম প্রামাণিক। আজাদুল করিম বলেন, ‘বিএনপি-জামায়াতের ভোট ছাড়াও সাংসদ ও আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মধ্যে দ্বন্দ্ব আমার জন্য বাড়তি পাওয়া।’
জানতে চাইলে বিদ্রোহী মেয়র প্রার্থী মাসুদ-উল-ইসলাম বলেন, ‘আমি কয়েক বছর ধরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। সেই ধারাবাহিকতায় এবারও প্রার্থী হয়েছি। এ নিয়ে দল কোনো সিদ্ধান্ত নিলে মেনে নেব।’