'বিনা তদন্তে দোষী সাব্যস্ত নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে চিকিৎসকদের সংগঠন বিএমএর মানববন্ধন l ছবি: প্রথম আলো
দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে চিকিৎসকদের সংগঠন বিএমএর মানববন্ধন l ছবি: প্রথম আলো

‘অবহেলা ও ভুল চিকিৎসায়’ চট্টগ্রামে এক প্রসূতি মৃত্যুর ঘটনায় করা মামলায় দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আবারও আন্দোলনে নেমেছেন চিকিৎসকেরা। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে তাঁরা মানববন্ধন ও সমাবেশ করেন।
চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে ‘বিনা তদন্তে চিকিৎসকদের দোষী সাব্যস্ত করে’ তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ জানানো হয়।
বিএমএর নেতারা বলেন, অবহেলাজনিত মৃত্যু কিংবা ভুল চিকিৎসার অভিযোগ উঠলে আগে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে অভিযোগের তদন্ত করতে হবে। অভিযোগের সত্যতা না পাওয়া পর্যন্ত চিকিৎসকদের হয়রানি করা যাবে না।
সমাবেশে বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, বিএমএর নেতা মাহবুবুল আলম, সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, অধ্যাপক শাহানারা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
৩ জুন রাতে নোয়াখালী আদালতের সিনিয়র সহকারী জজ মোর্শেদুল আলমের স্ত্রী সায়মা সিকদার চিটাগাং পেশেন্ট কেয়ার হসপিটালে সন্তানের জন্ম দেন। পরদিন ভোরে তিনি মারা যান। তাঁর চিকিৎসায় অবহেলা হয়েছে বলে পরিবার অভিযোগ করেছে। এ ঘটনায় সায়মা সিকদারের মা নার্গিস বেগম বাদী হয়ে ৯ জুন আদালতে মামলা করেন।
মামলায় চিটাগাং পেশেন্ট কেয়ার হসপিটালের চিকিৎসক কাজল রেখা রায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দেবাশীষ তালুকদার ও পেশেন্ট কেয়ার হসপিটালের এমডি আবদুল জব্বারকে আসামি করা হয়। আদালত তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
জানতে চাইলে বিএমএ চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, ‘কোনো চিকিৎসকের বিরুদ্ধে যদি ভুল চিকিৎসার অভিযোগ ওঠে, তা সাধারণের পক্ষে প্রমাণ করা কঠিন। তাই আমরা চিকিৎসকদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এ ধরনের অভিযোগ তদন্তের দাবি জানিয়ে আসছি।’
বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান বলেন, অভিযোগ প্রমাণের আগে কোনোভাবেই যেন চিকিৎসকদের হয়রানি করা না হয়।
এর আগে ১৯ জানুয়ারি চট্টগ্রাম আদালতে ‘অবহেলায়’ প্রসূতির মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক এবং অস্ত্রোপচারের সময় রোগীর পেটে ব্যান্ডেজ রেখে দেওয়ার অভিযোগে আরেক চিকিৎসকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়। মামলা প্রত্যাহারের দাবিতে তখন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ব্যক্তিগত চেম্বারে রোগীদের সেবা দেওয়া বন্ধ করে দেন চিকিৎসকেরা। ওই তিন চিকিৎসকের জামিন আবেদন মঞ্জুর করে তখন আদালতের দেওয়া জামিন আদেশের পর্যবেক্ষণে বলা হয়, ‘রোগীদের জিম্মি করার অধিকার চিকিৎসকদের সংগঠন সংরক্ষণ করে না। চিকিৎসকেরা অপরাধ করলে তাঁদের বিরুদ্ধে মামলা চলবে না—এটি গোষ্ঠীগত দাম্ভিকতা। গোষ্ঠীগত স্বার্থে অপরাধীকে আড়াল করা যাবে না।’