'বিনিয়োগকারীদের আস্থার সংকট বাড়ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের মধ্যে মঙ্গলবার হঠাৎ শেয়ারবাজারে মূল্যসূচক বেড়ে গিয়ে পরদিন আবার কমে যাওয়াকে বিনিয়োগকারীরা ভালো চোখে দেখছেন না। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের বিভিন্ন ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারী ও শেয়ার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ ধারণা পাওয়া যায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে দাঁড়ায় ২৬৮ পয়েন্ট। ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বাড়ে ১৯৩টির এবং কমে ১৬টির। অপরিবর্তিত থাকে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ার। আর লেনদেন হয় ৮২ কোটি টাকার শেয়ার। মঙ্গলবার মূল্যসূচক বেড়ে যাওয়ার পরে বুধবার সূচক ও লেনদেন কমে যায়। এদিন সার্বিক মূল্যসূচক কমেছে ৪১ পয়েন্ট। ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির দাম বেড়েছে এবং ১১৫টির দাম কমেছে। অপরিবর্তিত ছিল ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার। শেয়ার লেনদেন হয় ৫৯ কোটি টাকার।
চট্টগ্রাম ইনভেস্টরস ফোরামের যুগ্ম আহ্বায়ক এম এ কাদের বলেন, ‘২০১০ সালে বাজারধসের পর সার্বিকভাবে বিনিয়োগকারীদের কোনো উন্নতি হয়নি। তাঁদের অবস্থার উন্নতির জন্য প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি উচ্চারিত হলেও এর কোনো বাস্তবায়ন চোখে পড়ছে না। মঙ্গলবার হঠাৎ করে সূচক বেড়ে যাওয়াকে আমরা স্বাভাবিক বলে মনে করিনি। কারণ, পরদিন থেকে আবার কমতে শুরু করল। এতে বিনিয়োগকারীদের আস্থার সংকট বাড়ছে।’ সিএসইর পরিচালক ও বাজার বিশ্লেষক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘এভাবে হঠাৎ সূচক বেড়ে যাওয়া, কমে যাওয়া স্বাভাবিক বাজারের লক্ষণ নয়।’