'বিপুলা পৃথিবী'র জন্য আনন্দ পুরস্কার পাচ্ছেন আনিসুজ্জামান
১৪২৩ বঙ্গাব্দের আনন্দ পুরস্কার পাচ্ছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বিপুলা পৃথিবী বইটির জন্য তিনি পাচ্ছেন এ সম্মাননা। ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা প্রতিবছর একটি বাংলা বইকে এ পুরস্কার দিয়ে থাকে। বিপুলা পৃথিবী আনিসুজ্জামানের আত্মস্মৃতি। তাঁর জীবনের অনুষঙ্গে এতে ধরা পড়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের সমাজ ও রাজনীতির নানা ঘটনা এবং তার ঘাত-প্রতিঘাত। আজ শনিবার কলকাতায় আনিসুজ্জামানকে এ পুরস্কারে সম্মানিত করা হবে। পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে আনিসুজ্জামান গতকাল শুক্রবার সকালে ঢাকা ছেড়েছেন।
এর আগে ১৯৯৪ সালেও আনিসুজ্জামান একবার আনন্দ পুরস্কার পেয়েছিলেন। সেবারের পুরস্কার ছিল তাঁকে উপদেষ্টা করে বেরোনো ‘ঐতিহ্যের অঙ্গীকার’ নামে হাজার বছরের বাংলা কবিতা, গান ও নাটক নিয়ে ১৪টি ক্যাসেটের সংকলনের জন্য।
আনন্দ পুরস্কার দেওয়া হচ্ছে ১৯৫৮ সাল থেকে। প্রথম বছর এ পুরস্কার পেয়েছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায় ও সমরেশ বসু। ছয় দশক পার করে এবার এ পুরস্কারের হীরকজয়ন্তী।