'বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করা গেলে নারী অধিকার প্রতিষ্ঠা হবে'
পাহাড়ি জনগোষ্ঠীর সমাজে বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করা গেলে নারী অধিকার প্রতিষ্ঠার ভিত গড়ে উঠবে।
গতকাল বৃহস্পতিবার বান্দরবানে নারী-পুরুষের বৈষম্য নিরসন ও বিবাহ নিবন্ধনের ভূমিকা বিষয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
বেসরকারি সংস্থা অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) ও নারী প্রগতি সংঘ জেলা শহরের একটি আবাসিক হোটেলে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সাবেক জেলা সভানেত্রী মানুমে মারমা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্পণা বৈদ্য, থানচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো, নারীনেত্রী ভাগ্যলতা তঞ্চঙ্গ্যা, মানবাধিকার কমিশনের জেলা সভানেত্রী ডনাইপ্রু নেলী, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সাংগঠনিক সম্পাদক উনিহ্লা মারমা। এ ছাড়া উন্মুক্ত আলোচনায় অংশ নেন জনপ্রতিনিধি এবং সাংস্কৃতিক ও উন্নয়নকর্মীরা।
সেমিনারে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে ১১টি পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে কারও বিবাহ নিবন্ধন হয় না। এ জন্য নারীরা প্রতিটি ক্ষেত্রে বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছেন। বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করা গেলে নারী অধিকার প্রতিষ্ঠার ভিত গড়ে উঠবে।
ইউএনও অর্পণা বৈদ্য বলেন, নারী-পুরুষের বৈষম্য দূর হলে পাহাড়ি সমাজ ও রাষ্ট্রের মঙ্গল হবে।