'বিবাহিত নারীদের ৪০ লাখের বিয়ে হয় কিশোরী বয়সে'
প্রাথমিক স্তরের পড়াশোনা শেষ করার আগেই ১১ বছর বয়সী আঁখির বিয়ে হয়। স্বামী-সংসার ও জীবনকে বোঝার আগেই সে বিবাহিত জীবনের দায়িত্ব পালন শুরু করে। স্কুলে যাওয়া বন্ধ। শাশুড়ির সঙ্গে ঘর সামলানোই তার একমাত্র কাজ। এ অবস্থায় আঁখির স্বামী ও শাশুড়িকে বুঝিয়ে আবার তার স্কুলে যাওয়ার ব্যবস্থা করে ইমেজ প্রকল্প।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণার অংশ হিসেবে ‘তোমার জন্য আমরা’ ক্যাম্পেইনের একটি ভিডিওতে কুড়িগ্রামের আঁখির এই জীবনচিত্র উঠে আসে। গাইবান্ধার রিমার বিয়ে হয় অষ্টম শ্রেণিতে ও মর্জিনার বিয়ে হয় দশম শ্রেণিতে থাকতে। দুজনেরই পড়াশোনা বন্ধ থাকে। পরে ইমেজ প্রকল্প তাদের জন্যও এগিয়ে আসে।
গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘বিবাহিত কিশোরীদের ক্ষমতায়নের উদ্যোগ’ শীর্ষক ইমেজের ক্যাম্পেইন বিষয়ে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। বিবাহিত কিশোরীদের পাশে দাঁড়ানো এবং তাদের ক্ষমতায়নের জন্য সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ নিশ্চিত করতে ২৪-৩০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি নিয়েছে ইমেজ।
সংবাদ সম্মেলনে ‘তোমার জন্য আমরা’র ক্যাম্পেইন কর্মসূচির ধারণাপত্র পড়ে শোনান ইমেজের প্রকল্প পরিচালক ফারহানা জেসমিন হাসান। তিনি বলেন, বাংলাদেশে বিবাহিত নারীদের মধ্যে প্রায় ৪০ লাখের বিয়ে হয় কিশোরী বয়েসে। তাদের গড় বয়স ১৪ বছর। বিবাহিত কিশোরীদের ৮৯ শতাংশ অন্তত একবার গর্ভধারণ করেছে। তিনি বলেন, বিবাহিত শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০১৪ সালের নভেম্বর থেকে ইমেজ প্রকল্প কাজ করছে।
নেদারল্যান্ডস দূতাবাসের একক অর্থায়নে গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারীর তিনটি ইউনিয়নের ৪ হাজার ৫০০ বিবাহিত কিশোরীর মধ্যে ইমেজ প্রকল্প পরিচালিত হচ্ছে।