‘বিবি সাব তো আর লাইনে খাড়াইতে পারেন না’
গতকাল বুধবার সকাল নয়টা। কিশোরগঞ্জ শহরের নগুয়া-হোসেনপুর সড়কের একটি ওএমএস ডিলারের দোকানের সামনে দীর্ঘ সারি। সারিতে দাঁড়ানো ছিলেন হয়বতনগর এলাকার পঞ্চাশোর্ধ্ব মনোয়ারার মা। তিনি একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। সপ্তাহে তিন দিনই মনোয়ারার মাকে খোলাবাজারের (ওএমএস) চালের ডিলারের দোকানের সামনে সারি ধরে দাঁড়াতে হয়। এই প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিবি সাবের বাসার লাইগ্যা চাউল নিতে আইছি। বিবি সাব তো আর লাইনে খাড়াইতে পারেন না। মান-ইজ্জত আছে না।’ মনোয়ারার মা জানান, বিবি সাহেবের স্বামী একটি মাদ্রাসার প্রভাষক। তাঁদের দুই ছেলেমেয়ে। সন্তানেরা একটি কিন্ডারগার্টেনে পড়ে। তিন মাস আগেও তাঁরা চিকন চাল খেতেন। দাম বাড়ায় এখন বাজার থেকে মোটা চাল কিনে খাওয়ার সামর্থ্যও তাঁদের নেই। শহরের শোলাকিয়া এলাকার অপর একটি ওএমএসের দোকানে সারিতে দাঁড়িয়ে থাকা গৃহপরিচারিকা নূরজাহান বলেন, ‘সাব সরকারি চাকরি করেন। ওনাদের ওখানে পাঁচ বছর ধইর্যা কাজ করতাছি। কোনো সময়ই এমুন অভাব দেহি নাই। বড় মায়া হয় ওনাদের জন্য। লাইনে খাড়ায়া চাউল জোগাড় কইর্যা দিতে পারলে একটা সোয়াবের কাজ হইবো।’শহরের পুরোনো থানা এলাকার ওএমএসের দোকানের সারিতে দাঁড়িয়ে থাকা শোলাকিয়া এলাকার সুফিয়া খাতুন, আফিয়া বেগম, মনোয়ারা খাতুন ও সফুরা বেগমের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা সবাই গৃহপরিচারিকার কাজ করেন। গৃহকর্ত্রীদের অনুরোধে তাঁরা ওএমএসের চাল নিতে এসেছেন। তারাপাশা এলাকার স্কুলশিক্ষক আবদুল্লাহ বলেন, ‘যে বেতন পাই তা দিয়ে সংসার চলে না। বলতে দ্বিধা নেই, আমার বাসার গৃহপরিচারিকাকে দুই দিন পাঠিয়েছি ওএমএসের চাল সংগ্রহের জন্য। একদিন চাল আনতে পেরেছেন। প্রচণ্ড ভিড়ের কারণে আরেক দিন তাঁকে খালি হাতে ফিরতে হয়েছে।’ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ পৌর এলাকায় আটজন ও সদর উপজেলায় ১১ জন ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হয়েছিল। ব্যাপক চাহিদা ও ভিড়ের কারণে সদর উপজেলার অন্য ১০টি ইউনিয়নে আরও আটজন ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে। নাগরিক অধিকার কমিটি কিশোরগঞ্জের সভাপতি মো. রুহুল কুদ্দুস সেলিম বলেন, হাওর অঞ্চল কিশোরগঞ্জে চৈত্র মাসে অভাব থাকে। এ সময় শহরের নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়ে। জেলা শহর ও আশপাশ এলাকার হাজার হাজার নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের কথা বিবেচনা করে ডিলারপ্রতি চালের বরাদ্দ দ্বিগুণ করা উচিত বলে তিনি মনে করেন।