‘বিবিসি জানালা ইংরেজি শেখার বই’ এখন বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি শিক্ষার জন্য প্রথম আলোতে প্রকাশিত বিবিসি জানালার লেসনগুলোর প্রতি মানুষের আগ্রহ দেখে প্রথম আলো ও বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট যৌথভাবে এ পর্যন্ত প্রকাশিত ‘প্রয়োজনীয় ইংরেজি’ ও ‘কর্মক্ষেত্রে ব্যবহূত ইংরেজি’র একটি সংকলন প্রকাশের উদ্যোগ নিয়েছে। প্রথমা প্রকাশন থেকে সেই সংকলন প্রকাশিত হয়েছে বিবিসি জানালা ইংরেজি শেখার বই নামে। গতকাল বুধবার প্রথম আলোর কার্যালয়ে সংকলনটির মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত সবার মত ছিল, বিবিসি ও প্রথম আলোর এই যৌথ উদ্যোগের ফলে ইংরেজি শেখা অপেক্ষাকৃত সহজ হবে।১০০ টাকা মূল্যের এই সংকলনটির প্রথম ২০ হাজার কপির প্রতিটির সঙ্গে বিনা মূল্যে ইংরেজি লেসনের দুটি অডিও সিডি থাকছে। বইটি পাওয়া যাবে দেশের বিভিন্ন বইয়ের দোকান ও সংবাদপত্র বিক্রয়কেন্দ্রে।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘ইংরেজি ভাষা শিক্ষার জন্য অনুশীলন খুবই জরুরি। আর এই ইংরেজি অনুশীলনের জন্য বিবিসি ট্রাস্ট ও প্রথম আলোর উদ্যোগকে স্বাগত জানাই।’ তিনি বলেন, ‘মানুষ একটি ভাষা শেখে তখনই, যখন সেই ভাষাটা তার দরকার পড়ে। বিশ্বায়নের দৌড়ে অংশ নিতে ইংরেজিটা আমাদের খুবই দরকার।’বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর শারলট ইমবার্ট বলেন, ‘বিবিসি জানালা মোবাইল ফোন, ওয়েবসাইট, টেলিভিশন, অডিও সিডি ও সংবাদপত্রে প্রকাশিত লেসনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ইংরেজি শিখতে সাহায্য করছে। তারই ধারাবাহিকতার ফল এ বই।’বিবিসি ট্রাস্টের এশিয়া অঞ্চলের পরিচালক ক্যারোলাইন হাউই বলেন, ‘বিবিসি জানালা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষকে ইংরেজি ভাষায় দক্ষ করে তোলার চমৎকার একটি মাধ্যম।’‘সর্বস্তরের পাঠকের কথা ভেবে লেসনগুলো তৈরি করা হয়েছে এবং দুটো সিডিসহ এ বই অপেক্ষাকৃত কম দামে পাঠকের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীসহ আগ্রহীরা এই লেসনগুলো অনুশীলনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে যোগাযোগের ভাষা ইংরেজি বিষয়ে আরও সক্ষম হয়ে উঠবে বলে আমি মনে করি।’ বলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। বাংলাদেশের মানুষের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধিতে প্রথম আলো বিবিসি ট্রাস্টের সঙ্গে আরও কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর বার্তা সম্পাদক সেলিম খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রথমা প্রকাশনের নির্বাহী জাফর আহমদ।