'বিবৃতি দিয়ে আদালতের রায় পরিবর্তন করা যায় না'
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেছেন, ‘সম্পাদকীয় লিখে বা বিবৃতি দিয়ে আদালতের রায় পরিবর্তন করা যায় না। রায় পরিবর্তন করতে গেলে সংক্ষুব্ধ পক্ষকে প্রতিকার চেয়ে আপিল করতে হয়।’
আজ মঙ্গলবার একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের রায় ঘোষণার আগে বিচারপতি এ কথা বলেন।
বিচারপতি বলেন, ‘বিশেষ ধরনের রায় দেওয়ার জন্য বিচারকদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয়। দেশের দু-একটি গণমাধ্যম ও কয়েকটি বিদেশি মিডিয়া এভাবে প্রচার করে যে যেন ট্রাইব্যুনাল এ দেশের ধর্মীয় নেতাদের বিরুদ্ধে রায় দিচ্ছেন। কিন্তু আমরা বিচার করছি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের। কে কোন দল করেন, সেটা দেখার বিষয় নয়।’
বিচারপতি বলেন, ‘ফৌজদারি মামলায় সব পক্ষকে খুশি করে রায় দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা বিচারকেরা আইন, সংবিধান, ঘটনা বা সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে রায় দিই। আমাদের সাক্ষ্য বিশ্লেষণে ভুল হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে। আমরা এটা আশা করি, আইনের শাসনে বিশ্বাসী মানুষ রায় পছন্দ না হলে আপিলে যাবেন। রায়ের বিরুদ্ধে সহিংস কর্মসূচি দেবেন না।’