‘বিবেকহীন মন্ত্রীর চেয়ে মন্ত্রীহীন সরকার ভালো’
মুখে কালো কাপড় বাঁধা। হাতে হাত ধরে দাঁড়ানো সবাই। বুকে ঝুলছিল সাম্প্রতিক সময়ে ক্রসফায়ার, গণপিটুনি আর সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। এসব ঘটনায় প্রাণহানিকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে বলা হয়, ‘বিবেকহীন মন্ত্রীর চেয়ে মন্ত্রীহীন সরকার ভালো’।গতকাল শুক্রবার বেলা তিনটায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার মোড়ে এভাবেই এক ঘণ্টার মানবশৃঙ্খল করেছে ‘নৃশংসতাবিরোধী নাগরিক উদ্যোগ’ নামের সংগঠন। কোনো বক্তৃতা ও মাইকযোগে প্রচার বর্জন করে ব্যতিক্রমধর্মী এ কর্মসূচি সাধারণ জনগণ নীরবে অবলোকন করেছে।আয়োজকেরা জানান, ঝালকাঠির লিমন, কোম্পানীগঞ্জের মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাদেরের ওপর যে বর্বরতা চালানো হয়েছে, তাতে দেশবাসীর বিবেক রুদ্ধ হয়েছে। সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীরের মৃত্যুর পর দায়িত্বশীল মন্ত্রীদের ভূমিকায় সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব বর্বরতা আর দুর্ঘটনার নামে হত্যাযজ্ঞ বর্তমান সময়ের সমাজের নৃশংসতার চিত্র। এই নৃশংসতার প্রতিবাদ জানতেই আয়োজন ‘মানবশৃঙ্খল’ কর্মসূচির।কর্মসূচিতে একাত্ম হওয়া লোকজনের মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় বুকে ঝুলানো প্ল্যাকার্ডগুলোয় ‘ক্রসফায়ার, গণপিটুনি ও সড়ক দুর্ঘটনার নামে হত্যাকাণ্ড বন্ধ করো’, ‘বাংলার মন্ত্রীরা বড় সদাশয়/সমবেদনার কালে হাসি মুখে রয়’, ‘তারেক-মিশুকের মৃত্যু দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড’, ‘লিমন-মিলন-কাদের/ নৃশংসতার শিকার কাদের?,’ ‘অপমৃত্যুর ভয়কেই এখন জীবন মনে হয়’, ‘রুমানা মঞ্জুরের চোখ/অসুস্থ সমাজের মুখ’ প্রভৃতি স্লোগান ছিল।আয়োজকদের মধ্যে অন্যতম আবদুল করিম কিম জানান, নৃশংসতা বন্ধে সিলেটে এখন প্রতি সপ্তাহের শুক্রবার বিকেলে নগরে ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালন করা হবে।মানবশৃঙ্খলে রাজনীতিবিদ জাকির আহমদ, সাংবাদিক আল-আজাদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, বদরউদ্দিন আহমদ, বাপ্পা ঘোষ চৌধুরী, প্রান্তিক পর্ষদের সভাপতি উজ্জ্বল রায়, মাহবুবুর রহমান, দেবাশীষ দেবু, তাহেফ আহমেদ চৌধুরী, হাসান মোরশেদ প্রমুখ একাত্ম হন।