চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে জনগণকে ‘বিভ্রান্ত’ করে উত্তেজনা সৃষ্টি করা হয়েছিল। মানুষকে ‘উসকানি’ দিয়ে এ পরিস্থিতি তৈরি করেন স্থানীয় বিএনপির নেতা এবং গণ্ডামারার বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলী। চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সংঘর্ষের ৩৫ দিন পর গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের কাছে পাঁচ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদনে জনগণের বিভ্রান্তি দূর করার উদ্যোগ নেওয়া এবং প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করাসহ দুটি সুপারিশ করা হয়।
তবে এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে সংঘর্ষ ও চারজনের প্রাণহানির ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন গণ্ডামারার বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলী।
প্রতিবেদনে বলা হয়েছে, সেদিন (গত ৪ এপ্রিল) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশ গুলি চালায়। পুলিশ ছাড়াও অন্য একটি পক্ষ গুলি ছোড়ে। তবে চারজন গ্রামবাসী কার গুলিতে নিহত হন, তা তদন্ত কমিটি বের করতে পারেনি।
এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড এবং চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গণ্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন নিয়ে এলাকাবাসীর মধ্যে দুটি পক্ষ তৈরি হয়। গত ৪ এপ্রিল গণ্ডামারা ইউনিয়নের হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজনের ডাকা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন নিহত হন। চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের নির্দেশে ঘটনার দিন রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির বাকি দুই সদস্য হলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনোরঞ্জন ধর ও চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী সুপার (সদর) তরিকুল ইসলাম।
বাঁশখালীর ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশও তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। সে প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।
তদন্ত প্রতিবেদনের বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন গতকাল বিকেলে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, বিদ্যুৎকেন্দ্রটির ভালো দিক জনগণের সামনে তুলে না ধরে একটি মহল হঠাৎ করে ফায়দা লুটতে বিভ্রান্তিকর তথ্য দিয়ে স্থানীয় জনগণকে বিভ্রান্ত করেছে। দুই বছর আগে প্রকল্পের কাজ শুরু হলেও সে সময় কেউ এর বিরোধিতা করেনি। স্থানীয় বিএনপির নেতা লিয়াকত আলীর নেতৃত্বে একটি দল জনগণকে বিদ্যুৎকেন্দ্রটি সম্পর্কে ভুল বোঝায়। কিন্তু এলাকার বেশ কিছু লোক প্রকল্পটির পক্ষে আছেন। পুরো ঘটনার জন্য তদন্ত প্রতিবেদনে লিয়াকতকে দায়ী করা হয়েছে।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, প্রতিবেদনে জনগণের বিভ্রান্তি দূর করার উদ্যোগ এবং প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করার সুপারিশ করা হয়েছে। প্রতিবেদন ও সুপারিশগুলো কয়েক দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিদ্যুৎ মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে নির্দেশনা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, সেদিন পুলিশের গুলিতেই চারজন নিহত হন এবং প্রশাসন ১৪৪ ধারা জারি করায় এ ঘটনা ঘটেছিল। এ বিষয়ে মেজবাহ উদ্দিন বলেন, তদন্ত প্রতিবেদনে পুলিশ ও স্থানীয় প্রশাসনের গাফিলতির কোনো সাক্ষ্য–প্রমাণ পাওয়া যায়নি।
তদন্ত কমিটির প্রতিবেদন প্রত্যাখ্যান করে লিয়াকত আলী গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এটি বিএনপির আন্দোলন নয়। জনগণের আন্দোলন। কাউকে বিভ্রান্ত করিনি, উসকানিও দিইনি। প্রশাসনের বাড়াবাড়ির কারণে সেদিন পুলিশের গুলিতে চারজন নিহত হয়েছেন। বিদ্যুৎ প্রকল্পটি হলে এলাকায় পরিবেশ বিপর্যয় ঘটবে। তাই বিরোধিতা করছে জনগণ।’ তিনি বলেন, ‘এস আলম গ্রুপ শিল্প কারখানা করার কথা বলে জনগণের কাছ থেকে জমি নিয়েছে। তারা বিদ্যুৎ প্রকল্পের কথা বলেনি। আমরা জেনেছি, এটি ক্ষতিকর। তাই প্রকল্পটি করতে দেওয়া হবে না।’
তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশিদ গতকাল দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি করা হয়েছে। প্রকল্পটি নিয়ে স্থানীয় লোকজনকে বিভ্রান্ত করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেন লিয়াকত আলী। এ ছাড়া প্রকল্পের জন্য জমি ক্রয়-বিক্রয়ে মধ্যস্বত্বভোগীদের হয়রানির কারণে লোকজনের মধ্যে অসন্তোষ ছিল।
লিয়াকতের বক্তব্য নিয়েছেন কি না, এই প্রশ্নে তদন্ত কমিটির প্রধান বলেন, এলাকায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি।