'বিমানে টিকিট থাকার পরেও পাওয়া যায় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নানা অনিয়ম-অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। তিনি বলেছেন, ‘বিমানে টিকিট থাকার পরেও টিকিট পাওয়া যায় না। এ ধরনের দুষ্কৃতির পেছনে যারা জড়িত, তাদের খুঁজে বের করতে হবে।’ 

রাজধানীর মহাখালীতে আজ বুধবার উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী শাহজাহান কামাল। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এ অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিমান বাংলাদেশ এয়ারলাইনস, রিজেন্ট এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইনস, নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ খাত-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
মন্ত্রী শাহজাহান কামাল বলেন, ‘বিমান আমাদের জাতীয় সম্পদ। এর সঙ্গে সরকার ও দেশের ভাবমূর্তি জড়িত। তাই বিমানের নানা অনিয়মের অভিযোগ যখন শুনতে হয়, তখন মন্ত্রী হিসেবে খারাপ লাগে। ২৬টি বিদেশি এয়ারলাইন বাংলাদেশে এসে ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। তাহলে বিমান কেন পারবে না?’
বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মোসাদ্দিক আহমেদের এক বছরের পুনর্নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাহজাহান কামাল বলেন, ‘এমডি পুনর্নিয়োগ করা হলো কিন্তু বিমান কর্তৃপক্ষ বিষয়টি আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি।’ বিমানের লন্ডন ফ্লাইটে আসন খালি থাকার পরেও এক যাত্রীর টিকিট না পাওয়ার অভিজ্ঞতাও অনুষ্ঠানে তুলে ধরেন তিনি।
নেপালে গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনার পরে বেবিচক ও এয়ারলাইনস কোম্পানিগুলোর নিরাপত্তাবিষয়ক নানা উদ্যোগ আলোচনা অনুষ্ঠানে উঠে আসে। অনুষ্ঠানের বিমান, রিজেন্ট, নভোএয়ার ও ইউএস-বাংলার কর্মকর্তারা তাঁদের উড়োজাহাজের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলাদা উপস্থাপনা দেন। এরপর এ খাতের বিশেষজ্ঞরা সেসব বিষয়ে আলোচনা করেন।
বেবিচকের ডিরেক্টর অব ফ্লাইট সেফটির পরিচালক উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবির বলেন, ২০১৭ সালে উড়োজাহাজ পরিচালনার সার্বিক নিরাপত্তায় শতকরা ৭৫ দশমিক ৩৪ শতাংশ নম্বর পেয়েছে বাংলাদেশ। এটি আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার (আইকাও) গড় মান ৬০-এর চেয়ে অনেক বেশি। আগের বছরের তুলনায় বাংলাদেশের নিরাপত্তার মানে ৫০ শতাংশের বেশি উন্নতি হয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিভিল এভিয়েশনের অবস্থান আরও সুসংহত ও ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এ জন্য ‘আইকাও কাউন্সিল প্রেসিডেন্ট সার্টিফিকেট’ পুরস্কার পেতে যাচ্ছে বেবিচক।