পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ও ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত গুমানি নদীতে একটি সেতুর নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ঠিকাদার দুই বছর আগে কাজ ফেলে চলে গেছেন। পুনর্দরপত্রে ঠিকাদার নির্বাচনে জটিলতায় আর কাজ শুরু হয়নি। চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা ও পাবনার টেবুনিয়া মহাসড়ক থেকে সিরাজগঞ্জের মান্নান নগর যমুনা সেতুর সংযোগ সড়কের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যে সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০০৭-০৮ অর্থবছরে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, বিশ্ব ব্যাংকের (আরটিআইপি) প্রকল্পের অর্থায়নে পাঁচ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকায় ঢাকার ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড কাজ পায়। প্রতিষ্ঠানটি ২০০৮-০৯ অর্থবছরের শুরুতে সেতুটির নির্মাণকাজ শুরু করে। ১৫৮ দশমিক ৬০ মিটার দীর্ঘ সেতুটির প্রায় ২০ ভাগ কাজ করে ঠিকাদার কাজ ফেলে চলে যান। কাজটি ২০১০ সালের এপ্রিলের মধ্যে শেষ করার কথা ছিল। উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে কাজটি শেষ হয়নি। তাঁর দরপত্র বাতিল করা হয়। এ বছরই পুনর্দরপত্র আহ্বান করা হয়। কিন্তু ঠিকাদার নির্বাচনে জটিলতা সৃষ্টি হলে দাতা সংস্থা কাজটি বন্ধ রাখতে বলে। এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের বলেন, প্রকল্পের মেয়াদ ২০১২ সালের জুন পর্যন্ত আছে। দাতা সংস্থা বলেছে, ২০১২ সালের জুলাইয়ে তারা মেয়াদ বাড়িয়ে অর্থ বরাদ্দ দেবে। চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন বলেন, সেতুটি হলে দুই উপজেলার যোগাযোগ-ব্যবস্থায় একটা গতি সঞ্চার হতো। ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকি বিল্লাহ বলেন, এত দিনেও সেতুর নির্মাণকাজ শেষ করতে না পারাটা দুঃখজনক। মির্জাপুর হাটের ব্যবসায়ী নৃপতি সাহা বলেন, ‘এটা তো আমাগারে কাছে স্বপ্নের বিরিজ। বিরিজডা দেখে মরলিও শান্তি পাতেম।’নিমাইচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, মির্জাপুর ও অষ্টমনিয়া থেকে প্রতিদিন কয়েক হাজার মণ চাল নৌকায় ঢাকায় নেওয়া হয়। সেতুটি হলে সড়কযোগে অল্প সময়ে চাল ঢাকায় পাঠানো যেত। অষ্টমনিষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিবারত আলী বলেন, এই সেতু নির্মিত হলে পাবনার টেবুনিয়া থেকে সিরাজগঞ্জের মান্নান নগর সড়ক চালু হতো। এতে পাবনা-কুষ্টিয়ার বাসগুলো এদিক দিয়ে ৫০-৬০ কিলোমিটার দূরত্ব বাঁচিয়ে ঢাকায় যাতায়াত করতে পারত। এখন বাসগুলো বনপাড়া-বাঘাবাড়ী হয়ে ৫০ কিলোমিটার ঘুরে ঢাকায় যায়।