'বিরোধিতাকারীদের' বই বের না করার হুমকি প্রকাশকদের
প্রস্তাবিত শিক্ষা আইনে এনসিটিবির অনুমোদন ছাড়াই সহায়ক বই প্রকাশসহ প্রকাশকদের ‘যৌক্তিক’ দাবির বিষয়ে বিরোধিতাকারী শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও প্রতিষ্ঠানের লেখা বই প্রকাশ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেছেন, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও প্রতিষ্ঠান যদি এই ভূমিকা থেকে নিবৃত না হয়, তাহলে সমিতির সব সদস্য তাঁদের লেখা বই, প্রকাশ, ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ বন্ধ করে দেবেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদন ছাড়াই সহায়ক বই প্রকাশের সুযোগ, নোট-গাইডের সংজ্ঞা-সংক্রান্ত উপধারা বাতিলসহ কয়েকটি দাবিতে কর্মসূচি দিয়েছে সমিতি।
কর্মসূচির মধ্যে রয়েছে, ২৬ ডিসেম্বর সারা দেশের সব জেলায় পুস্তক ব্যবসায়ীরা বইয়ের দোকান বন্ধ রেখে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করবেন। ২৭ ও ২৮ ডিসেম্বর টানা দুই দিন সারা দেশে সব বইয়ের দোকান বন্ধ রাখা হবে। এরপরও দাবি পূরণ না হলে তাঁরা আরও কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন।
মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য সম্প্রতি শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছিল। তাতে সহায়ক বই প্রকাশের ক্ষেত্রে সরকারের অনুমোদন নেওয়ার বিষয়টি বাদ দেওয়া হয়। আর ‘ছায়া শিক্ষা’ হিসেবে কৌশলে কোচিং-প্রাইভেটের বৈধতা দেওয়ার প্রক্রিয়া চলে। এ নিয়ে ৭ ডিসেম্বর প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হলে ৩৪ জন বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতি দিয়ে বলেন, আইনে এগুলো রাখলে শিক্ষার্থীরা কোচিং-বাণিজ্য ও সহায়ক বইয়ের কাছে আরও বেশি জিম্মি হয়ে পড়বে। বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ও বৈষম্যমূলক উল্লেখ করে খসড়া থেকে এসব বিষয় বাদ দেওয়ার জন্য সরকারের নীতিনির্ধারণী মহলের কাছে অনুরোধ করেন। এরপর শিক্ষা মন্ত্রণালয় আইনটি আবার পর্যালোচনার সিদ্ধান্ত নেয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সমিতির নেতা শ্যামল পাল, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়ক প্রমুখ।