‘বিরোধী দল ও মতকে দমনের অপচেষ্টা হচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ কায়েমের লক্ষ্যে’ নাগরিক অধিকারবিষয়ক জাতীয় কমিটি গঠন করেছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের মাঠে বুদ্ধিজীবী, পেশাজীবী, লেখক ও শিল্পীদের এক মতবিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ আয়োজিত এ সভার বক্তাদের বেশির ভাগই বিএনপি-জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত। ‘ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস’ নামের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে কবি ও লেখক ফরহাদ মজহারকে। তিনি বলেন, ‘কোনো দলের দলীয় এজেন্ডা বাস্তবায়নে এখানে আসিনি। এটা আমার দায়িত্ব নয়। আগামী দিনে অন্য কারও নাগরিক অধিকার ভূলুণ্ঠিত হলে তাদের পক্ষেও দাঁড়াব।’ তিনি এই কমিটিকে কোনো ‘দলীয় প্রচেষ্টার দিকে’ নিয়ে না যেতে পেশাজীবীদের প্রতি আহ্বান জানান।মতবিনিময় সভার শুরুতে ঘোষণাপত্র পাঠ করেন বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ। তিনি বলেন, বিরোধী দল ও মতকে নজিরবিহীন নৃশংসতায় দমনের অপচেষ্টা করা হচ্ছে। রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পাশাপাশি শাহবাগের গণজাগরণ মঞ্চের নামে সামাজিক প্রতিপক্ষ হিসেবে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলামকে দাঁড় করানো হয়েছে। এর মাধ্যমে গণতন্ত্রপ্রিয় ধর্মমনা জনগোষ্ঠীকে অস্তিত্বের প্রান্তসীমায় উপনীত করা হয়েছে। গণহত্যা ও ফ্যাসিবাদ চাপিয়ে দিয়ে সরকার দেশময় জিঘাংসা, অনৈক্য, সর্বোপরি গৃহযুদ্ধাবস্থা তৈরি করেছে। এ বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সমাজের সব স্তরে সংলাপ চালিয়ে যেতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, জাতীয় পর্যায়ে অসহনীয় অবস্থা সৃষ্টি হয়েছে। জনগণই ক্ষমতার মূল। তাদের সচেতন করা হলে যত শক্তিশালী ফ্যাসিবাদই হোক, দাঁড়ানোর সুযোগ থাকে না।কবি আল মাহমুদ বলেন, ‘আমরা চাই বাংলাদেশের প্রগতিশীল মানুষ ক্রমান্বয়ে অগ্রসর হবে। সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আশা করি, আমরাই বিজয়ী হব।’সভার শেষ পর্যায়ে বিএফইউজের সভাপতি রুহুল আমীন গাজী নাগরিক অধিকার কমিটির আহ্বায়ক হিসেবে ফরহাদ মজহারের নাম প্রস্তাব করেন। উপস্থিত সবাই সমর্থন দেন। সভায় আরও বক্তব্য দেন প্রবীণ আইনজীবী টি এইচ খান, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির সাংসদ মাহবুব উদ্দিন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মাজেদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, দৈনিক নয়া দিগন্ত-এর সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সংগ্রাম-এর সম্পাদক আবুল আসাদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুন আহমেদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি আজিজুল হক প্রমুখ।