'বিরোধী দল নির্বাচন নস্যাৎ করার চেষ্টা করছে'
১৪ দলের সমাবেশে বক্তারা বলেছেন, বিরোধী দল নির্বাচনকে নস্যাৎ করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা জনগণ রুখে দেবে। বিরোধী দলের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দাঁড়ানোর আহ্বানে ১৪ দল এই সমাবেশের আয়োজন করে। নগরের শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
মহিউদ্দিন চৌধুরী বলেন, খালেদা জিয়া সংলাপে না এসে গণতন্ত্রকে হত্যা করার পরিকল্পনা করছেন। নির্বাচন নস্যাৎ করার জন্য একাত্তর ও পঁচাত্তরের ঘাতকদের কমিটি গঠন করছেন। জনগণ তাঁর এই ষড়যন্ত্রের জবাব দেবে।
সমাবেশে নগর আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম বেলায়েত হোসেন, সুনীল সরকার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী, খোরশেদ আলম চৌধুরী, বদিউল আলম, জাসদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গণতান্ত্রিক পার্টির স্বপন সেন, সাম্যবাদী দলের অমূল্য বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।