'বিরোধী দলের ওপর স্টিম রোলার চালাচ্ছে সরকার'
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার নির্বাচিত সরকার নয়। ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা ভোট করে ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের নির্বাচিত ঘোষণা করেছে। ওই নির্বাচনে বড় কোনো রাজনৈতিক দল অংশ নেয়নি। পাঁচ শতাংশ মানুষও ওই নির্বাচনে অংশ নেয়নি। প্রহসনের নির্বাচনে জনগণ ছিল না। দেশের মানুষ ওই নির্বাচন গ্রহণ করেনি। আওয়ামী লীগ সরকার জোর করে সরকার গঠন করে জনগণ ও বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর আজ অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে।
গতকাল শনিবার সকাল সোয়া ১০টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের কলেজ বাজারের ধান হাটিতে উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। পথসভাটি ছিল বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী পথসভা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ সরকারের শত শত মামলা আর নির্যাতন-নিপীড়নে বিরোধী দল জর্জরিত। শুধু পৌরসভা নির্বাচন উপলক্ষেই সরকার সারা দেশে বিরোধী দলের ছয় হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, এ অগণতান্ত্রিক সরকারের দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে হলে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করতে হবে। আপনাদের ভোটে বিএনপির প্রার্থী নির্বাচিত হলে জনতার রায় পক্ষে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।
প্রসঙ্গত, গতকাল সকাল পৌনে ১০টা থেকে সোয়া ১০টা পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার কলেজ হাটে বিএনপির মনোনীত মেয়র পদ প্রার্থী রাজিউর রহমান ওরফে রাজুর পক্ষে নির্বাচনী গণসংযোগ করেন।