সারা দেশে বিএনপির মাঠপর্যায়ের সক্রিয় নেতাদের তালিকা করে সরকার গুম ও হত্যা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক ডেপুটি মেয়র দস্তগীর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নেত্রী রোজী কবির, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম ও মাহবুবুর রহমান প্রমুখ।
আবদুল্লাহ আল নোমান আরও বলেন, গুম হওয়া নেতাদের দাফন-কাফনের জন্য লাশ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বিএনপির নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ গুম হওয়া নেতাদের সম্পর্কে সরকার কোনো তথ্য দিচ্ছে না। এ ছাড়া, নতুন করে পেশাজীবী নেতাদেরও গুম করা হচ্ছে। বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা চৌধুরীর স্বামীকে অপহরণ করার ঘটনাও একই সূত্রে গাঁথা।
আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের গুম-খুনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকার বাংলাদেশকে কার্যত ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে। তাই গণ-আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করতে হবে। নইলে অত্যাচার-নিপীড়নের মাত্রা আরও বেড়ে যাবে।
দস্তগীর চৌধুরীকে একজন দক্ষ সংগঠক হিসেবে উল্লেখ করে মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, ‘বর্তমান দুঃসময়ে দস্তগীরের মতো নিবেদিত রাজনৈতিক নেতার শূন্যতা আমরা অনুভব করছি। তাঁর আদর্শকে ধারণ করে সংগঠনকে শক্তিশালী করতে হবে।’