'বিলবোর্ডে সরকার অর্ধসত্য ও মিথ্যা প্রচার করছে'
আকস্মিক রাজধানীজুড়ে বিভিন্ন বিলবোর্ডে সরকারের উন্নয়নের বিবরণ প্রচার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, বিলবোর্ডের মাধ্যমে সরকার অর্ধসত্য ও মিথ্যা প্রচার করছে। কিন্তু এতে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
গতকাল সোমবার নয়াপল্টনে একটি হোটেলে ছাত্রদল আয়োজিত ইফতার অনুষ্ঠানে এম কে আনোয়ার এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের মিথ্যাচার জনগণ বিশ্বাস করে না। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট চাওয়া প্রসঙ্গে এই নেতা বলেন, ‘উন্নয়ন নয়; হল-মার্ক, পদ্মা সেতু, ডেসটিনি ও ব্যাংক লুটের ধারাবাহিকতা রক্ষার জন্য আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে চায়।’
ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুঁইয়ার সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী,
সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ, সিনিয়র সহসভাপতি বজলুল করিম চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ওবায়দুল হকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।