'বিলাভেড স্ট্রেনজার্স: অ্যা মেমোয়ারে'র প্রকাশনা উত্সব

প্রবাসী বাংলাদেশি লেখিকা মারিয়া চৌধুরীর স্মৃতিকথা ‘বিলাভেড স্ট্রেনজার্স: অ্যা মেমোয়ার’ বাজারে এসেছে। আজ শনিবার ধানমন্ডির ইএমকে সেন্টারে বইটির প্রকাশনা অনুষ্ঠান হয়। ইংরেজি ভাষায় লেখা এই স্মৃতিকথা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ব্লুমসবেরি। বাংলাদেশে বইটি পরিবেশক বেঙ্গল লাইটস বুকস।
মারিয়া চৌধুরী যুক্তরাষ্ট্রের মাউন্ট হলিওক কলেজ থেকে দর্শন ও ধর্মতত্ত্বের ওপর স্নাতক ডিগ্রি ও গোডার্ড কলেজ থেকে সৃজনশীল লেখালেখির ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সেখানে পড়ার সময়ই স্মৃতিকথা লিখতে শুরু করেন। বাংলাদেশের বাইরে বিভিন্ন নামকরা সাহিত্য পত্রিকা ও জার্নালে তাঁর বেশ কিছু ছোটগল্প, ফিচার ও প্রবন্ধ ছাপা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাহিত্য-সংক্রান্ত সাময়িকী বেঙ্গল লাইটসে লেখা প্রকাশের মাধ্যমে মারিয়া চৌধুরী প্রথম আন্তর্জাতিক প্রকাশকদের নজরে আসেন। বইটি বাংলাদেশের ওমনি বুকস, বুকওয়ার্ম, বই বিচিত্রা, রেড শিফট ও মীনাবাজারসহ বেশ কিছু দোকানে পাওয়া যাচ্ছে।
মারিয়া চৌধুরী বলেন, মানুষ কেন মাঝেমধ্যে তার শেকড় ছেড়ে যায় এবং কেনই বা মাঝেমধ্যে শেকড়ের কাছে ফিরে আসাকে অসম্ভব মনে করে, তারই এক স্পষ্ট ও মর্মস্পর্শী উপাখ্যান ‘বিলাভেড স্ট্রেনজার্স: অ্যা মেমোয়ার’। দুটো ভিন্নধর্মী সংস্কৃতির মাঝে পা দিয়ে চলমান জগতে একান্ত নিজের জন্য হন্যে হয়ে এক চিলতে জায়গা খুঁজে বেড়াচ্ছে, এমন মানুষগুলোর ভাবাবেগের মূর্ত প্রতিফলনকে তুলে ধরতে চেয়েছেন তিনি।