'বিলুপ্তদের' নিয়ন্ত্রণে জাপা কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাতীয় পার্টির নবনির্বাচিত কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করাকে কেন্দ্র করে দলে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। বিগত সিটি করপোরেশন নির্বাচনের সময় দলের বহিষ্কৃত নেতাদের দিয়ে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তবে বিলুপ্ত কমিটির নেতারাই এখনো জাতীয় পার্টির কার্যালয় নিয়ন্ত্রণে রেখেছেন। এ অবস্থায় উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় পার্টির মাঠের রাজনীতি।
দলীয় সূত্র জানায়, ১৫ ডিসেম্বর ঢাকা থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ রংপুরের কমিটি বিলুপ্ত করার নির্দেশ দেন। তাঁর নির্দেশে প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি বিলুপ্ত করে নতুন করে জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেন। জেলা কমিটিতে আহ্বায়ক হিসেবে সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসা ও সদস্য সচিব হিসেবে মোস্তাফিজার রহমানকে স্থান দেওয়া হয়। মহানগর কমিটিতে এ কে এম আব্দুর রউফ মানিককে আহ্বায়ক ও এস এম ইয়াসিরকে সদস্যসচিব করা হয়েছে। মোস্তাফিজার, আব্দুর রউফ ও ইয়াসির এক বছর আগে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের সময় দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন।
তবে এই বিলুপ্ত জেলা ও মহানগর কমিটি গঠন করা হয়েছিল চলতি বছরের সেপ্টেম্বর মাসে। তখন জেলা ও মহানগর জাতীয় পার্টির সভাপতি হিসেবে মসিউর রহমান রাঙ্গা, জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আবুল মাসুদ চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক হিসেবে সালাউদ্দিন কাদেরীকে রাখা হয়েছিল।
নেতা-কর্মীরা জানান, কমিটি বিলুপ্ত ঘোষণার পর থেকেই শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয় দখলে রেখেছেন মসিউর রহমানের সমর্থকেরা। তাঁরা পর্যায়ক্রমে কার্যালয় পাহারা দিয়ে আসছেন। দলীয় চেয়ারম্যানের মুক্তির দাবিতে ১৭ ডিসেম্বর নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল বের করা হলে বিলুপ্ত কমিটির সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিদিনই উভয় পক্ষ শহরে পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ করছে।
মোস্তাফিজার রহমান বলেন, ‘এরশাদ আগে আমাদের দল থেকে বহিষ্কার করলেও এখন বিষয়টি বুঝতে পেরেছেন। তাই আগের কমিটি ভেঙে আমাদের দিয়ে নতুন কমিটি গঠন করেছেন। সময় হলে জাতীয় পার্টির কার্যালয় পুনরুদ্ধার করা হবে।’
মসিউর রহমান বলেন, ‘দলীয় চেয়ারম্যানের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে সেপ্টেম্বরে আমাদের এই কমিটি গঠন করা হয়। তাই জাতীয় পার্টির কার্যালয় আমরাই নিয়ন্ত্রণে রেখেছি।’