'বিশৃঙ্খল অবস্থায় বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বর্তমানে ‘বিশৃঙ্খল অবস্থা’ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলবিষয়ক উপকমিটির চেয়ারম্যান ম্যাট স্যামন। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে ‘বাংলাদেশের বিভাজন: রাজনৈতিক এবং ধর্মীয় উগ্রপন্থা’ শীর্ষক এক শুনানিতে তিনি এই মন্তব্য করেন। এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলবিষয়ক এই উপকমিটি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটি। খবর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট ও ইউএনবির।
শুনানিতে ম্যাট স্যামন বলেন, ‘যদিও দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত, তার পরও ২০১৪ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘাত তীব্র হয়ে ওঠে এবং এতে বিপুলসংখ্যক নিরপরাধ লোকের প্রাণহানি ঘটে।’ তিনি বলেন, ব্যাপারটিকে যথার্থ গুরুত্বের সঙ্গে নেওয়া না হলে দেশটিতে বারবার কট্টর ইসলামপন্থীদের সহিংসতার ঘটনা ঘটতে থাকবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক কর্মী সংগ্রহ করছে। এটি দমনের ব্যাপারে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় তার আঞ্চলিক সহযোগীদের কাছ থেকে আরও সহযোগিতা আশা করছে।
শুনানিতে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের চেয়ারম্যান আলী রিয়াজ বলেন, দেড় বছর ধরে বাংলাদেশের রাজনীতি বড় ধরনের সহিংসতার মধ্য দিয়ে গেছে। ২০১৪ সালে বাংলাদেশের গণতন্ত্র সমুন্নত রাখার একটি বড় সুযোগ আন্তর্জাতিক সম্প্রদায় হাতছাড়া করেছে। ফলে ২০১৫ সালের এই সংঘাতপূর্ণ পরিস্থিতির দায় তারা এড়াতে পারে না।
আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার কথা উল্লেখ করে আলী রিয়াজ বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে ঘিরে দেশজুড়ে সংঘর্ষ হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রে ছিল বাংলাদেশ। কিন্তু এই নির্বাচনের পরে বাংলাদেশের সংকট সমাধানের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগের অভাব ছিল।
আলী রিয়াজ আরও বলেন, ওই নির্বাচনের পর ২০১৪ সালজুড়ে বাংলাদেশে যে শান্ত অবস্থা ছিল তার সদ্ব্যবহারের সুযোগ শুধু ক্ষমতাসীনেরাই হাতছাড়া করেনি বরং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার সুযোগটি আন্তর্জাতিক সম্প্রদায়ও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এর ফলে চলতি বছরের সৃষ্ট রাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতির দায় আন্তর্জাতিক সম্প্রদায় এড়াতে পারে না।
শুনানিতে হিন্দু-আমেরিকান ফাউন্ডেশনের সরকারবিষয়ক পরিচালক জয় কানসারা বলেন, বাংলাদেশে ২০১৩ সালে নতুন করে সংখ্যালঘুদের ওপর সহিংস হামলার ঘটনা বৃদ্ধি পায়। ওই বছরের জানুয়ারির শেষ দিকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত ও বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর দল দুটির নেতা-কর্মীরা সংখ্যালঘু হিন্দু-বৌদ্ধ ও ধর্মনিরপেক্ষ ব্যক্তির ওপর বড় ধরনের হামলা চালাতে থাকে। কয়েক সপ্তাহ ধরে চলা ওই সহিংসতায় শতাধিক লোকজন নিহত হন।
কানসারা বলেন, ‘ব্লগার অভিজিৎ রায় ঢাকায় একুশে বইমেলা থেকে বেরোনোর পর নৃশংসভাবে খুন হন। এর মাত্র পাঁচ সপ্তাহ পরই খুন হন ওয়াশিকুর রহমান নামের আরেকজন ব্লগার। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, কট্টর ইসলামিদের পদ্ধতিগত খুন। তাই আমি ব্যক্তিগতভাবে চাই, জামায়াত-শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হোক। যুক্তরাষ্ট্রের উচিত জামায়াত-শিবিরের কোনো নেতাকে এ দেশে প্রবেশের অনুমতি না দেওয়া। এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত জামায়াত নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে, এর তদন্ত করা। যুক্তরাষ্ট্রের উচিত, বাংলাদেশে রাজনীতির নামে ইসলামি কট্টরপন্থীদের সব ধরনের সহিংস হামলার কঠোর নিন্দা জানানো।’
শুনানিতে অংশগ্রহণকারী এশিয়ান স্টাডিজ সেন্টারের জ্যেষ্ঠ রিসার্চ ফেলো লিসা কার্টিজ বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপির মধ্যে রাজনৈতিক উত্তেজনা দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য হুমকি। গত দুই মাসে উদারপন্থী দুজন ব্লগারের নৃশংস খুনের ঘটনা আমাদের বাংলাদেশে ইসলামি কট্টরপন্থী জঙ্গিদের উত্থানের কথা স্মরণ করিয়ে দেয়। আশঙ্কা থেকে যায়—বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ এই জঙ্গিরা নিতে পারে।
লিসা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কট্টরপন্থী ইসলামিদের দমন করে ধর্মনিরপেক্ষ নীতি প্রতিষ্ঠার যে প্রচেষ্টা চালাচ্ছেন, তা সাধুবাদ জানানোর মতো। কিন্তু জামায়াতকে একেবারে নিষিদ্ধ করা হলে, তাতে হিতে বিপরীত হতে পারে। এতে জামায়াত আরও সহিংস হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উচিত বাংলাদেশের সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনায় বসতে সহায়ক ভূমিকা রাখা।