'বিশেষ করোনা বাজেট' হয়নি, মুখ থুবড়ে পড়তে বাধ্য : মির্জা ফখরুল

প্রস্তাবিত বাজেট চলমান মহামারি পরিস্থিতি বিবেচনায় একটি আপৎকালীন ‘বিশেষ করোনা বাজেট’ হয়নি বলে মনে করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি একেবারেই সাদামাটা এবং অবাস্তবায়নযোগ্য একটি কল্পনাপ্রসূত বাজেট। বিশেষ করে এই মহাদুর্যোগকালে স্বাস্থ্য খাতে দুর্বল বরাদ্দ দেশের চিকিৎসক, স্বাস্থ্যবিশেষজ্ঞসহ গোটা জাতিকে হতাশ করেছে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার বাসা থেকে আনুষ্ঠানিক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিক্রিয়া জানান।
বিএনপির মহাসচিব বলেন, এই বাজেটে করোনা পরিস্থিত কাটিয়ে একটি টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং খাদ্যনিরাপত্তার জন্য বাজেটে প্রত্যাশিত অর্থ বরাদ্দ করা হয়নি। বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে কার্যকর সুশাসন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সর্বস্তরে জবাবদিহি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বাজেটে।
বাজেট মুখ থুবড়ে পড়তে বাধ্য
মির্জা ফখরুল ইসলাম বলেন, বাজেটের আয় ও ব্যয়ের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮২ হাজার ১১ কোটি টাকা। এর মধ্যে এনবিআরকেই আয় করতে হবে ৩ কোটি ৩০ হাজার কোটি টাকা, অর্থাৎ মোট বাজেটের ৫০ শতাংশের অধিক, যা বাস্তবতাবিবর্জিত। এনবিআর এই রাজস্ব আহরণ করতে ব্যর্থ হবে এবং তাতে বাজেট ঘাটতির পরিমাণও বেড়ে যাবে। ব্যাংকগুলোর পক্ষে প্রস্তাবিত Deficit inancing-এর ৮৫ হাজার কোটি টাকা জোগান দেওয়া সম্ভব হবে না। এনবিআরের ব্যর্থতা এবং ব্যাংকগুলোর পক্ষে ঘাটতি অর্থায়নে অক্ষমতার কারণে বাজেট মুখ থুবড়ে পড়তে বাধ্য।
স্বাস্থ্যের বরাদ্দে হতাশ
স্বাস্থ্য খাতের বরাদ্দ জাতিকে হতাশ করেছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, করোনা মহামারিতে স্বাস্থ্য খাতের বরাদ্দ একেবারেই ঠিক নেই। চিকিৎসক, স্বাস্থ্যবিশেষজ্ঞরাও বলছেন বরাদ্দ আরও বেশি হওয়া উচিত ছিল। বিএনপির পক্ষ থেকে প্রস্তাব ছিল স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের। কিন্তু সরকার করোনা মোকাবিলায় ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করলেও স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে জিডিপির মাত্র ১ দশমিক ৩ শতাংশ, যা একেবারেই যথেষ্ট নয়।
উন্নয়নের টাকা করোনায় খরচ করা যেত
বিএনপির মহাসচিব বলেন, এই সময়ে উন্নয়ন খাতে এক বড় অঙ্কের বরাদ্দ না রেখে সেখান থেকে এক লাখ কোটি টাকা করোনা সংকট মোকাবিলায় দেওয়া যেত। তিনি উল্লেখ করেন, উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ৫ হাজার কোটি টাকা। অথচ করোনা সংকট মোকাবিলায় মাত্র ১০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। উন্নয়ন খাত থেকে এক লাখ কোটি টাকা করোনা সংকট মোকাবিলায় দেওয়া যেত। তা করা হয়নি, কারণ উন্নয়ন খাতে শুধু লুটপাট হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২৬ হাজার ৭৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর বিদ্যুৎ খাতে ৮ হাজার কোটি টাকা ভর্তুকির প্রস্তাব করা হয়েছে, যার অধিকাংশই যাবে বিদ্যুৎ উৎপাদন না করেও বেসরকারি রেন্টাল প্ল্যান্টগুলোকে ক্যাপাসিটি চার্জ পরিশোধ করার জন্য, যা নিতান্তই অনৈতিক।
দুর্নীতির জন্য বিদ্যুতে এত বরাদ্দ
বিএনপির মহাসচিব বলেন, যেসব প্রকল্প নিয়ে অনেক সমালোচনা হয়েছে, বাজেটে সে প্রকল্পগুলোকেই সরকারের বিশেষ উদ্যোগ হিসেবে দেখানো হয়েছে। পরিবহন, বিদ্যুৎ খাতসহ অনেক খাতে বেশি পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে, যা এ মুহূর্তে প্রয়োজন ছিল না। সরকারি ভাষ্যমতে, বর্তমানে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা ২০ হাজার ২৭৯ মেগাওয়াট। তাই এই অসময়ে তোড়জোড় করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বিপুল অর্থ বরাদ্দের কোনো দরকার ছিল না। ১২০০ মেগাওয়াটের রূপপুর বিদ্যুৎকেন্দ্রটি ১ লাখ ১৩ হাজার কোটি টাকায় দেশের সবচেয়ে একক ব্যয়বহুল চাপযুক্ত জল-চুক্তি প্রকল্প, যা রাশিয়ান এক কোম্পানি কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির বাস্তবায়ন কিছু সময়ের জন্য পিছিয়ে দিয়ে সেই অর্থ স্বাস্থ্য খাতসহ কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তা খাতে ব্যয় করা যেত। তা করা হয়নি, কারণ রূপপুর কেন্দ্রের দুর্নীতির সুযোগ বন্ধ করতে চায়নি সরকার।
কল্পনাপ্রসূত জিডিপি
অর্থমন্ত্রীর ঘোষিত জিডিপির প্রবৃদ্ধি অর্জনের হার ৮ দশমিক ২ শতাংশকে কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আমদানি, রপ্তানি, বিনিয়োগ, কর্মসংস্থান প্রভৃতি সামষ্টিক অর্থনীতির সূচকগুলো আলোচনা করলেই স্পষ্ট যে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন নিতান্তই কল্পনাপ্রসূত। বিনিয়োগ দরকার ৩২ থেকে ৩৪ শতাংশ, যা কঠিন এবং অসম্ভব। জিডিপি ও রাজস্ব আহরণে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা দৃশ্যমানভাবেই প্রতারণার শামিল।
সামাজিক নিরাপত্তা ও কল্যাণ বরাদ্দ কমেছে
করোনাকালে দিন আনে দিন খায়—এ শ্রেণির মানুষের জন্য এবং বেকারত্ব মোকাবিলায় কোনো গঠনমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ মির্জা ফখরুলের। তিনি বলেন, করোনায় সাধারণ মানুষের আয়ে ঝুঁকি বাড়লেও সামাজিক নিরাপত্তা ও কল্যাণে বরাদ্দ আগের অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ২ শতাংশ কমেছে, যা মোট বাজেটের ৪ দশমিক ৭ শতাংশ। এ খাতে চলতি বাজেটে বরাদ্দ ছিল ৪ দশমিক ৯ শতাংশ।
মির্জা ফখরুল ইসলাম বলেন, বাজেটে কর্মহীন প্রবাসীদের দেশে পুনর্বাসন ও আত্মনির্ভরশীল করে তোলার কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। বিশেষ করে তৈরি পোশাক খাতের অস্থিরতা কাটানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ৬ মাস থেকে ১ বছরের মধ্যে গার্মেন্টসগুলো ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু এ সময়টুকু টিকে থাকার মতো সাপোর্ট তাদের দিতেই হবে। অন্যথায় পোশাক খাত মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, ‘এই বাজেটে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে। বাজেটের বড় অংশ মেগা প্রকল্পগুলোকে দেওয়া হয়েছে, যেগুলো এরই মধ্যে দুর্নীতির কারণে প্রশ্নবিদ্ধ। এই বাজেটে প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন ছিল না। দুর্নীতির যে ধারা চলমান, সেটাকে অব্যাহত রাখাই এর কারণ বলে আমরা মনে করি। তা ছাড়া কালোটাকা সাদা করার যে সুযোগ বাজেটে দেওয়া হয়েছে, সেটাও দুর্নীতিকে চলমান রাখার আরেকটি প্রয়াস মাত্র।’
গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা নিষ্ঠুরতা
৩০ জুনের মধ্যে গ্যাস ও বিদ্যুতের বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করার সরকারি সিদ্ধান্তকে নিষ্ঠুরতা বলে মন্তব্য করে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বাজেটের কিছু প্রস্তাব পুনর্বিবেচনার দাবি করে বলেন, ব্যাংকে ১০ লাখ টাকার ওপরে রাখলেই ৩ হাজার টাকা, এক কোটি টাকার ওপরে থাকলে ১৫ হাজার টাকা কর দিত হবে। এতে আমানত ক্ষতিগ্রস্ত হবে। এই সংকটকালে অনলাইন বেচাকেনা এবং মোবাইল ও ইন্টারনেট সেবার ওপর সম্পূরক শুল্ক আরও ৫ শতাংশ বাড়ানো সঠিক হবে না। বাজেটে স্বর্ণের দাম হ্রাসের প্রস্তাবে জুয়েলারি দোকানের লবি এবং বিত্তবানরাই লাভবান হবে।
এত বড় বাজেটকে কেন সাদামাটা বলছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, এ জন্যই যে এই মুহূতে মানুষের বেঁচে থাকার জন্য পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যে সব খাতকে অগ্রাধিকার ও গুরুত্ব দেওয়া প্রয়োজন, তা এ বাজেটে নেই। তাদের চিন্তাই হচ্ছে নিজেদের লোকদের তুষ্ট করা, তাদের পকেট ভারি করা।
বাজেট কেন বাস্তবায়ন যোগ্য নয়? এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসিচব বলেন, কারণ আপনি বলছেন ৫০ ভাগ আয় করবেন। এটা কোনোভাবেই পারবেন না। এনবিআর অতীতেও পারেননি, এবারও পারবে না।। বলছেন বিদেশি সাহায্য থেকে আসবে। এটাও অলীক চিন্তা মাত্র। রেমিটেন্স তো অনেক কমে গেছে, ১০ লাখ প্রবাসী ফিরে আসছেন। ব্যাংকগুলো ঋণ দিতে পারবে না। এজন্যই বলছি, এ বাজেট বাস্তবায়নযোগ্য নয়।