'বিশেষ ছাড়' দিয়েও জমে ওঠেনি বৈশাখী কেনাকাটা
‘নববর্ষ উপলক্ষে বিশেষ ছাড়’—ক্রেতাদের দৃষ্টি কাড়তে ছাড়-সংবলিত এমন পোস্টার দোকানের সামনে সেঁটে দিয়েছেন বিক্রেতারা। এর পরও ক্রেতার দেখা নেই। বাংলা নববর্ষের আর মাত্র পাঁচ দিন বাকি থাকলেও সিলেটে এখনো জমে ওঠেনি বৈশাখী কেনাকাটা। অথচ অন্যান্য বছর এ সময় বিপণিবিতানগুলো ক্রেতাদের ভিড়ে মুখর থাকত।
বিশেষ ছাড় সত্ত্বেও কেনাকাটা জমে না ওঠার কারণ হিসেবে ব্যবসায়ীরা বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা হরতাল-অবরোধ কর্মসূচিকে দায়ী করেছেন। কয়েকজন ব্যবসায়ী জানান, রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও ক্রেতাদের হাতে টাকা নেই। তাই অন্যান্য বছরের তুলনায় এবার বৈশাখী বেচাকেনা খুব একটা জমে উঠবে না বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন।
নগরের লামাবাজার এলাকার দেশি কাপড়ের দোকান ষড়্ঋতুর মালিক নাজমা পারভীন বলেন, ‘বাংলা নববর্ষ সামনে রেখে আমরা আশায় বুক বেঁধে ছিলাম। জানি না বাকি পাঁচ দিনে কেমন বেচাকেনা হবে! এমনিতেই কয়েক মাস ধরে সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে বেচাকেনা হয়নি, নববর্ষের সময়টাতেও যদি না হয়, তাহলে ব্যবসায়ীরা যাবে কোথায়?’
সরেজমিনে দেখা গেছে, নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, কুমারপাড়া, নয়াসড়ক এলাকার বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ভিড় তুলনামূলকভাবে কম। সন্ধ্যার পর ক্রেতাদের ভিড় কিছুটা থাকলেও সেটা অন্যান্য বছরের চেয়ে খুবই কম বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ব্যবসায়ীদের দাবি, রাজনৈতিক পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এলেও এর দীর্ঘমেয়াদি একটা প্রভাব দেখা দিয়েছে। এত দিন মানুষ জমানো টাকা খরচ করে ফেলায় অনেকেই আর্থিক সংকটে পড়েছেন।
জিন্দাবাজার এলাকার সিটি সেন্টারের ব্যবসায়ী শাহীনূর তরফদার বলেন, ‘গত বছর বৈশাখ উপলক্ষে নানা ধরনের কাপড়ের সমাহার ছিল আমার দোকানে। গতবারের চেয়ে এবার অনেক কম পরিমাণে নতুন কাপড় দোকানে তুলেছি। কেনাকাটা করতে ক্রেতারা ঠিকই আসছেন। তবে গতবারের চেয়ে কম। ২৫ থেকে ৫০ ভাগ ছাড় দেওয়া সত্ত্বেও তেমনভাবে কাপড় বিক্রি হচ্ছে না।’