'বিশেষ পেশা' লেখা মোটরসাইকেল উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে গত ১৫ দিনে পুলিশ নিবন্ধনহীন অর্ধশতাধিক মোটরসাইকেল জব্দ করেছে। অভিযান শুরুর পর থেকে ‘বিশেষ পেশা’ লেখা নম্বরপ্লেটের মোটরসাইকেলগুলো সড়ক থেকে উধাও হয়ে গেছে।
আক্কেলপুর থানার পুলিশ সূত্র জানায়, ১৫ জুলাই থেকে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই অভিযান শুরু হয়। পুলিশ কয়েকটি দলে বিভক্ত হয়ে প্রতিদিনই উপজেলা সদরসহ গুরুত্বপূর্ণ সড়কে অভিযান চালাচ্ছে। এর আগে নম্বরপ্লেটে পুলিশ, সাংবাদিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা, চিকিৎসক ইত্যাদি লিখে নিবন্ধনহীন মোটরসাইকেল চলাচল করত।
এ নিয়ে ২০১৪ সালের ১৯ জুলাই প্রথম আলোয় ‘পেশার পরিচয়ই নিবন্ধন নম্বর!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
পুলিশ সূত্র জানায়, অভিযানের কথা শুনে উপজেলার বিভিন্ন সড়কে নিবন্ধনহীন মোটরসাইকেল চলাচলও কমে গেছে। গত ১৫ দিনে অর্ধশতাধিক নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করা হয়েছে। এসব মোটরসাইকেলের মালিকদের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত বুধবার থানায় গিয়ে দেখা যায়, বৈধ কাগজপত্র যাচাই অভিযানে আটক করা মোটরসাইকেলগুলো উপজেলা থানা চত্বরে সারিবদ্ধ করে রাখা হয়েছে। কয়েকজন মালিক নিবন্ধন ফি ও জরিমানার টাকা পরিশোধের রসিদ দেখিয়ে আটক মোটরসাইকেল থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান। গণিপুর দাখিল মাদ্রাসার সুপার হাবিবর রহমান বলেন, তাঁদের জয়পুরহাট গিয়ে মোটরসাইকেলের নিবন্ধনের টাকা জমা দিতে হচ্ছে। এতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বরেন, অভিযান শুরুর পর নম্বরপ্লেটে ‘বিশেষ পেশা’র কথা লেখা থাকা মোটরসাইকেলগুলো দেখা যাচ্ছে না। মোটরসাইকেল ধরলে বিভিন্ন লোকজন তদবির করছে। তবে তারা কাউকেই ছাড় দিচ্ছেন না।
আক্কেলপুর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, যাঁরা নিবন্ধন ফি ও জরিমানার টাকা জমা দিয়েছেন, তাঁরা থানা থেকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন। অভিযান শুরুর পর উপজেলার অন্তত ২০০ জন নিবন্ধনের টাকা জমা দিয়েছেন।