'বিশেষ বিধান' বহাল রাখার নিন্দায় দুটি সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়ায় ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়ার ‘বিশেষ বিধান’ বহাল রাখার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও নারীপক্ষ। গতকাল রোববার এ দুটি সংগঠনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
গতকাল প্রথম আলো পত্রিকায় ‘খসড়া আইনে মেয়েদের ১৮ বছরের কমে বিয়ের বিধান’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, প্রায় এক বছরের মাথায় গত সপ্তাহে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ-বিষয়ক বিভাগ মতামত দিয়ে আইনের খসড়াটি মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে। খসড়ার ১৬ নম্বর ধারায় ‘বিশেষ বিধান’-এর কথা বলা হয়েছে।
এই বিশেষ বিধানে বলা আছে: ‘এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, কোন বিশেষ কারণ থাকিলে অথবা বিশেষ কারণের উদ্ভব হইলে, পিতা, মাতা বা অভিভাবকের সম্মতি অথবা আদালতের অনুমতিক্রমে ১৬ (ষোল) বৎসর পূর্ণ করিয়াছেন এমন কোন নারীর সহিত ২১ (একুশ) বা তদূর্ধ্ব বৎসরের অধিক বয়স্ক কোন পুরুষের বিবাহ সম্পাদিত হইলে উহা বাল্যবিবাহ বলিয়া গণ্য হইবে না।’
তবে বিশেষ বিধান ছাড়া খসড়ায় অপ্রাপ্তবয়স্ক বলতে ২১ বছর পূর্ণ করেননি এমন ছেলে এবং ১৮ বছর পূর্ণ করেননি এমন মেয়েকে বোঝানো হয়েছে।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামালের সই করা বিবৃতিতে এ ধরনের বিশেষ বিধান বহাল রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বিশেষ বিধানে বিয়ের যে বয়স উল্লেখ করা হয়েছে, তা প্রচলিত জাতীয় ও বিভিন্ন আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। বিবৃতিতে আবারও এ ধরনের অসংগতিপূর্ণ ও সাংঘর্ষিক আইন প্রণয়ন থেকে বিরত থাকতে সরকারকে দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
নারীপক্ষের নিন্দা ও প্রতিবাদ বার্তায় দেশের নারী আন্দোলনসহ বিভিন্ন মহলের মতামত, নিন্দা ও প্রতিবাদ অগ্রাহ্য করে সরকারের এই অদূরদর্শী উদ্যোগ এবং অশুভ পাঁয়তারায় সংগঠনটির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়।