বাল্যবিবাহ নিরোধ আইনে ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়ার ‘বিশেষ বিধান’-এ বয়স উল্লেখ থাকছে না। এ সংশোধন বা সংযোজনের জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আইনের খসড়াটি আবার আইন মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নিয়েছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, বাল্যবিবাহের ফলে সন্তানের জন্ম হলে বা বিশেষ ক্ষেত্রের জন্য শর্তের বিষয়টি বিধিতে রাখতে চাচ্ছে মন্ত্রণালয়। কিন্তু আইনে বিশেষ শর্তের কথা উল্লেখ না থাকলে বিধিতেও তা নিয়ে কিছু বলা যাবে না। অন্যদিকে শর্ত দিয়ে মেয়েদের বিয়ের বয়স কমানোর বিষয়টি নিয়ে বেশি আলোচনা-সমালোচনা হওয়ায় বয়সটি বাদ দিতে চাচ্ছে মন্ত্রণালয়।
গত নভেম্বরে বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়ায় ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়ার ‘বিশেষ বিধান’ বহাল রেখে আইন মন্ত্রণালয়ের মতামত দিয়ে খসড়াটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়। খসড়ার ১৬ নম্বর ধারায় বিশেষ বিধানে বলা আছে, ‘এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, কোনো বিশেষ কারণ থাকিলে অথবা বিশেষ কারণের উদ্ভব হইলে, পিতা, মাতা বা অভিভাবকের সম্মতি অথবা আদালতের অনুমতিক্রমে ১৬ (ষোলো) বৎসর পূর্ণ করিয়াছেন এমন কোন নারীর সহিত ২১ (একুশ) বা তদূর্ধ্ব বৎসরের অধিক বয়স্ক কোন পুরুষের বিবাহ সম্পাদিত হইলে উহা বাল্যবিবাহ বলিয়া গণ্য হইবে না।’ তবে বিশেষ বিধান ছাড়া খসড়ায় অপ্রাপ্তবয়স্ক বলতে ২১ বছর পূর্ণ করেননি, এমন ছেলে এবং ১৮ বছর পূর্ণ করেননি এমন মেয়েকে বোঝানো হয়েছে।
গতকাল মঙ্গলবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আইন মন্ত্রণালয় যে খসড়া পাঠিয়েছে, তার কিছু বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে “অবজেকশন” জানিয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। খসড়াটি আবার আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হবে।’
খসড়ার বিশেষ শর্ত প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী সরাসরি কিছু বলেননি। তবে তিনি বলেন, ‘শর্ত হিসেবে কিছু একটা থাকবে। বাল্যবিবাহ-সংক্রান্ত কোনো সমস্যা হলে তার সমাধান কী হবে অথবা মাঠপর্যায়ে আইন থাকার পরও বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, তার হয়তো উল্লেখ থাকবে। তবে আইন মন্ত্রণালয় বিশেষ বিধানে যেভাবে বলেছে আমরা সেভাবে চাইনি।’
সরকারের পক্ষ থেকে বিয়ের বয়স কমানোর ক্ষেত্রে বিশেষ যে কারণগুলো দেখানোর চেষ্টা করা হচ্ছে, তা অযৌক্তিক হিসেবে তুলে ধরেছে বেসরকারি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন। এ সংগঠনের পক্ষ থেকে দেশের সাত বিভাগের ২৪ জেলার ২৪টি উপজেলায় ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৫ সালের আগস্ট পর্যন্ত করা এক গবেষণা অনুযায়ী, বাল্যবিবাহের শিকার ১ হাজার ২৩৭ জনের বিয়ের গড় বয়স ছিল সাড়ে ১৫ বছর। এদের ৬৫ শতাংশেরই বিয়ে হয় পারিবারিকভাবে। মাত্র ৫ দশমিক ৭৯ শতাংশ বিয়ে করে ভালোবেসে এবং পারিবারিক সম্মতিতে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আইনের মাধ্যমে বিয়ের বয়স কমিয়ে ফেলা হলে বিয়ের গড় বয়স আরও কমে যাবে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘আইনটি নিয়ে সরকার কী করতে চাচ্ছে, তা বুঝতে পারছি না। তবে যদি বয়সের বিষয়টি উল্লেখ না করে আইনে কোনো শর্ত দেওয়া থাকে, তা হবে আরও ভয়াবহ। তখন অনেক অভিভাবক ১০ বা আরও কম বয়সে মেয়েকে বিয়ে দিতে উৎসাহিত হবেন।’
আয়শা খানম বলেন, ‘২০১৫ সালে নারীর অনেক অর্জন নিয়ে ২০১৬ সালে পা ফেললাম। নারী যেখানে সুযোগ পাচ্ছে, সেখানেই কৃতিত্ব ও মেধার পরিচয় দিচ্ছে। বর্তমান সরকার নারী ও শিশুবান্ধব সরকার। আশা করি, এমনভাবে আইন করা হবে না, যা হবে হাত-পা বেঁধে সাঁতার শেখানোর মতো।’
অ্যাকশনএইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবির বলেন, বিশেষ এমন কী বিবেচনা হতে পারে, যার জন্য শিশুকেও বিয়ে দিতে হবে? শিশুর শারীরিক ও মানসিক ক্ষতির চেয়েও আর বিশেষ বিবেচনা কী হতে পারে?
২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে সাজা ও জরিমানার পরিমাণ বাড়িয়ে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৪’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে ১৯২৯ সালের বিদ্যমান আইন অনুযায়ী, ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ থেকে ১৮ এবং মেয়েদের ১৮ থেকে ১৬ করা যায় কি না, তা পর্যালোচনা করার জন্য আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
গত ১৯ সেপ্টেম্বর প্রথম আলো আয়োজিত ‘বাল্যবিবাহ রোধে দ্রুত আইন পাস ও বাস্তবায়ন চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছিলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে এমন কোনো শর্ত থাকবে না, যা ১৮ বছরের কম বয়সী শিশুর বিয়েকে উৎসাহিত করবে। স্বাস্থ্যগত কারণে ১৮-এর নিচে মেয়েদের বিয়ে হতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।