‘বিশেষ ব্যবস্থায়’ বিল পেলেন ঠিকাদার, কাজ শুরুর আগেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে হাওর উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের কাজ শুরু করার আগেই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৩২ লাখ টাকার বিল দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ভবন নির্মাণে ব্যয় হবে এক কোটি ৬০ লাখ টাকা। এলএন কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবন নির্মাণের কাজটি পেয়েছে।এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগীয় প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল মুঠোফোনে বলেন, বিশেষ ব্যবস্থায় এ বিল দেওয়া হয়েছে। এতে কোনো সমস্যা হবে না, ঠিকাদার তো কাজ করবেই।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১০ নভেম্বর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আসেন। সেখানে শনির হাওরের পাড়ে এক কৃষক সমাবেশে তিনি জেলার অন্যান্য উন্নয়ন ঘোষণায় সুনামগঞ্জে হাওর উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয় স্থাপনের কথা বলেন। ঘোষণা অনুযায়ী, সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকায় ওই কার্যালয়ের ভবন নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড।গতকাল সরেজমিনে দেখা গেছে, এলাকার মূল সড়কের পশ্চিম পাশে সুরমা নদীর তীর ঘেঁষে পাউবোর জায়গা। এক পাশে তাদের নতুন ভবনের কাজ হচ্ছে। এর দক্ষিণ পাশে একটি পুকুর। এরপর এলাকার মসজিদ ও মাদ্রাসা। ওই পুকুর ভরাট করে ভবন নির্মাণের কথা থাকলেও এখন সেটি হবে পুকুরের পশ্চিম পাশে নদীর একেবারে ১০ থেকে ১৫ ফুট দূরত্বে কিছুটা খালি জায়গায়। একজন শ্রমিক সেখানে ইট-বালু পরিষ্কারের কাজ করছেন। আর কোনো লোক নেই। নেই কোনো নির্মাণসামগ্রী। ওই শ্রমিক জানান, এখানে আগে একটি টিনশেড ঘর ছিল। সেটি অনেক আগে ভেঙে নেওয়া হয়েছে। নিচে এখনো পাকা থাকায় সেটি ভাঙার কাজ করছেন তিনি।ভবন নির্মাণকাজের দায়িত্বে থাকা সুনামগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী খুরশেদ আলম জানান, ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। কাজ শুরু হয়ে যাবে। ঠিকাদার মালপত্র নেওয়া শুরু করেছেন। তবে তিনি সিলেটে অবস্থান করায় এ কাজের দরপত্র আহ্বান ও কার্যাদেশ দেওয়ার ঠিক তারিখ জানাতে পারেননি। কাজ শুরু হওয়ার আগেই কিসের ভিত্তিতে এত টাকার বিল দেওয়া হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমাদের আগের নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল ভালো বলতে পারবেন। তখন তিনি সুনামগঞ্জে ছিলেন। গত মাসে তিনি বদলি হয়েছেন।’বর্তমানে সিলেটের বিভাগীয় প্রকৌশলীর দায়িত্বে থাকা শৈলেন চন্দ্র পাল জানান, যেহেতু কাজ শুরু হয়নি, তাই কাজের ওপর ভিত্তি করে এ বিল দেওয়া হয়নি। অগ্রিম হিসেবে মোট বিলের ওপর গড় করে ৩২ লাখ টাকা দেওয়া হয়েছে। কাজ শুরুর আগে বিল দেওয়ার কোনো নিয়ম আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বিশেষ ব্যবস্থায় দেওয়া হয়েছে। এ জন্য আমি হাওর উন্নয়ন বোর্ডের ডিজির সঙ্গে কথা বলেছি। এতে সমস্যা হবে কেন? ঠিকাদার তো একসময় কাজ করবেই। পরে এই টাকা সমন্বয় করা হবে।’সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ‘আমি মাত্র কয়েক দিন হয় যোগদান করেছি। শুনেছি, হাওর বোর্ডের একটা ভবন হবে। এ বিষয়ে বিস্তারিত এখনো জানা হয়নি।’এ ব্যাপারে বাংলাদেশ হাওর উন্নয়ন বোর্ডের সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) সাংসদ এম এ মান্নান জানান, বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, ঢাকার বাইরে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় দুটি আঞ্চলিক কার্যালয় হবে। পাউবো এসব কার্যালয় স্থাপনের জন্য কাজ করছে। গত সপ্তাহে পাউবো হাওর বোর্ডকে জানিয়েছে, দুই জায়গাতেই কাজ শুরু হয়ে গেছে। এম এ মান্নান প্রথম আলোকে বলেন, ‘এখন জানলাম, সুনামগঞ্জে কাজ শুরুই হয়নি। অথচ ৩২ লাখ টাকা বিল দেওয়া হয়ে গেছে। কাজ শুরুর আগে কীভাবে ঠিকাদারকে বিল দেওয়া হয়েছে, এটা আমার জানা নেই; তবে অবশ্যই খোঁজ নেব।’