‘বিশ্বনাথের ওসি জানেন না আমার হাত কত লম্বা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী বলেছেন, ‘বিশ্বনাথ থানার ওসি তথাকথিত সাংসদের নির্দেশে আমার নেতা-কর্মীদের ওপর অমানুষিক নির্যাতন করেছেন। এর দায়ভার তাঁকেই নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘ওসি জানেন না, আমার হাত কত লম্বা। তাঁর মতো ওসিকে কীভাবে সোজা করতে হয়, তা আমার ভালোই জানা আছে।’বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা সাজানো মামলা প্রত্যাহার ও নির্যাতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় ইলিয়াস আলী এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস আলী আরও বলেন, ‘বিগত পাঁচ বছর আমি সাংসদ ছিলাম। অনেক উন্নয়ন করেছি। আর বর্তমান সাংসদ কী উন্নয়ন করছেন, সেটা আপনাদেরই ভালো জানা আছে। সরকার দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, বিএনপির নেতা শমসের মবিন চৌধুরী, মির্জা আব্বাস ও শহীদ উদ্দীন চৌধুরীকে গ্রেপ্তার করেছেন।’উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌছ খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুর রকিব ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামছুজ্জামান জামান।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি সফিক উদ্দিন আহমদ, রজব আলী, সামছুজামান প্রমুখ। সভা শেষে উপজেলা সদরে ইলিয়াস আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।ওসি আশেক সুজা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি আইনের মানুষ। তাই আইনের পথেই চলছি।’