'বিশ্ববিদ্যালয়কে হতে হবে জ্ঞানের ক্ষেত্র'
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, বিশ্ববিদ্যালয়কে উচ্চতর জ্ঞান ও গবেষণার ক্ষেত্র হিসেবে তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়কে হতে হবে সব জ্ঞানের পুঞ্জীভূত ক্ষেত্র। আর ছাত্রছাত্রীদের জ্ঞানার্জনের প্রক্রিয়া ইউজিসিকে দেখভাল করতে হবে।
গতকাল শনিবার ‘একুশ শতকে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ বিষয়ে বক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গওহর রিজভী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এই বক্তৃতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, একুশ শতকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকতে হচ্ছে। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপনকালে লন্ডনের ডারবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক চ্যান্সেলর ক্রিস্টোফার জন এলিনগার বল বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গুণগত মানভিত্তিক শিক্ষা হতে হবে। তিনি বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষার্থীদের শেখার বিষয়ে সহায়তা করি।’ তিনি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জন ও গবেষণার প্রতি জোর দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদসহ বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যেরা।