রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেছেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। একের পর এক হত্যা, শিক্ষক-শিক্ষার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে হলে অধ্যাপক রেজাউল হত্যার বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বিচারহীনতা ও ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যৌক্তিক পরিণতি দেখা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। এটা বিশ্ববিদ্যালয় পরিবারের বক্তব্য।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক হত্যার পর যখন অধ্যাপক রেজাউল হত্যার বিষয়টি প্রত্যক্ষ করলাম, তখন বিশ্ববিদ্যালয় আন্দোলনে নড়ে উঠেছে। আমাদের এ হত্যাকাণ্ডের শেষ দেখতে হবে। একই সাথে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘এ হত্যাগুলো বিশ্ববিদ্যালয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। বিশ্ববিদ্যালয় পরিবারে এমন আতঙ্ক বন্ধ করতে না পারলে আরও অনেক শিক্ষককে প্রাণ দিতে হবে। এটা কাম্য নয়। আমরা যেখানে জ্ঞান চর্চা করি, মুক্তবুদ্ধির চর্চা করি, সংস্কৃতির চর্চা করি সেখানে যদি ভয় ঢুকে যায় তাহলে এসব চর্চা বাধাগ্রস্ত হবে। তাই জ্ঞান চর্চার পরিবেশ ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমাইল হোসেন বলেন, ‘দেশে ভয়ের রাজনীতি চলছে। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষককে হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসন যদি এদিকে না তাকায় তাহলে একসময় দেখা যাবে, কেউ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসতে চাইলে মানুষ বলবে, ওখানে যেয়ো না, ওখানে গেলে তোমার মৃত্যু হতে পারে।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম শান্তনু, আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মানিকুল ইসলাম। আধা ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একাত্মতা ঘোষণা করেন।
মানববন্ধন শেষে সেখানে থেকে একটি মৌন মিছিল বের করে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ (অধ্যাপক রেজাউলের ডাকনাম মুকুল) এসে সমাবেশ করে।
গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজ বাসার কাছেই অধ্যাপক সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করেন। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করছে। এ ঘটনায় শিবির নেতা হাফিজুর রহমান, ইমাম রায়হান ইসলাম ও যুবক খায়রুল ইসলামকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে তাঁরা হত্যার কথা স্বীকার করেনি।