‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষাই সমাজ ও জাতির অগ্রযাত্রার চালিকাশক্তি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রত্যক্ষভাবে জড়িত। বিশ্ববিদ্যালয় বৃহত্তর অর্থেই জাতির পুনর্জাগরণকে ত্বরান্বিত করে। বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মকে আগামীর দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে।আরেফিন সিদ্দিক ‘আবু ইউসুফ স্মারক বক্তৃতা’ ১২ অনুষ্ঠানে ‘জাতীয় উন্নয়নে বিশ্ববিদ্যালয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থানকালে ওই কথা বলেন। গতকাল শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার মিলনায়তনে এ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। আবু ইউসুফ স্মৃতি ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।আরেফিন সিদ্দিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মরহুম আবু ইউসুফ সম্পর্কে বলেন, বৈরী পরিবেশেও আবু ইউসুফ দেশের প্রয়োজনে রাজপথে নেমেছিলেন। তিনি আজীবন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করেছেন। সব সময় ভেবেছিলেন বিশ্ববিদ্যালয়কে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। প্রসঙ্গক্রমে উপাচার্য বলেন, ‘জাতির জনক স্বপ্ন দেখছিলেন বলেই আমরা আজ স্বাধীন দেশের মানুষ।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন জ্যোতি প্রকাশ দত্ত ও গাজী সালেহ উদ্দিন, কলা অনুষদের সাবেক ডিন গোলাম কিবরিয়া ভূঁইয়া, কাজী মোস্তাইন বিল্লাহ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী, মরহুম আবু ইউসুফের স্ত্রী রওশন আরা ইউসুফ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি মোহাম্মদ বশির আহম্মদ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মোরশেদুল ইসলাম, সহকারী প্রক্টর এ কে এম জিয়াউর রহমান ও শিপক কৃষ্ণ দেবনাথ, পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক এ কে এম মাঈনুল হক প্রমুখ।