হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন
‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুগস্রষ্টা’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘উচ্চশিক্ষার লক্ষ্য বিশ্বমানের জ্ঞান অর্জন, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ জনশক্তি গড়ে তোলা। কিন্তু দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার ৪০ বছরেও আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারিনি।’গতকাল বৃহস্পতিবার দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মনোনীত প্রতিনিধি হিসেবে মন্ত্রী সমাবর্তনে সভাপতিত্ব করেন। সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় প্রথম সমাবর্তন। এ উপলক্ষে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। সকাল ১০টায় খেলার মাঠ থেকে বের করা হয় সমাবর্তন শোভাযাত্রা।শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুগস্রষ্টা। ইতিহাসের সন্ধিক্ষণে দেশ, সমাজ ও মানুষের কল্যাণকর ভবিষ্যৎ নির্ধারণে তাঁরা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। উন্নত প্রযুক্তি ব্যবহার করে দক্ষ নতুন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি দেশের সব বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।সমাবর্তন বক্তা মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, রাষ্ট্রের কাছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়বদ্ধতা অনেক বেশি। কারণ তাঁরা নিজেদের অজান্তেই জাতীয় বিনিয়োগের প্রত্যক্ষ উপকারভোগী। তাই পড়াশোনা শেষে দেশ গড়া এবং দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করা তাঁদের দায়িত্ব।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেন বলেন, শুধু কৃষি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছিল। বর্তমানে ছয়টি অনুষদের অধীনে আটটি ব্যাচেলর ডিগ্রি ও পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের অধীনে এমএস, এমবিএ ও পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। সাবেক সাংসদ এম আবদুর রহিম, পঞ্চগড়-১ আসনের সাংসদ ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য নুরুল ইসলাম, অধ্যাপক ছফর আলী, আবদুর রাজ্জাক, আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন, পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাবর্তনে উপস্থিত ছিলেন।