বর্তমান মহাজোট সরকার চুরিবিদ্যাকে শিল্পে পরিণত করেছে। চুরির অপরাধে তারা ইতিমধ্যে বিশ্ব চোরের স্বীকৃতি পেয়েছে। এই চোরদের অধীনে এ দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। গতকাল রোববার চট্টগ্রামে ১৮ দলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বক্তারা। ১৮ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আটক বন্দীদের মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা ১৮ দলীয় জোটের সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎহোসেন। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার বলেন, ‘চুরিবিদ্যা যে শিল্প হতে পারে, বর্তমান মহাজোট সরকার তা প্রমাণ করেছে। পদ্মা সেতুর দুর্নীতিতে ধরা খেয়ে প্রধানমন্ত্রী বিশ্বসভায় খোদ বিশ্বব্যাংকের সংস্কারের প্রস্তাব তুলেছেন। বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়নে ফিরে আসছে বলে প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। অথচ বিশ্বব্যাংক বলছে, দুর্নীতির তদন্তে সন্তোষজনক ফলাফল হলে তারা অর্থায়নের ব্যাপারটি বিবেচনা করবে।’ মহাজোট সরকার চুরির অপরাধে ইতিমধ্যে বিশ্ব চোরের স্বীকৃতি পেয়েছে দাবি করে গোলাম আকবর খন্দকার বলেন, ‘বিশ্বস্বীকৃত চোরের অধীনে এ দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে স্বয়ং প্রধানমন্ত্রী জামানত হারাবেন। এই ভয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকার চান না। প্রহসনের নির্বাচনের মাধ্যমে তিনি আবার ক্ষমতায় অধিষ্ঠিত হতে চান।’