'বিশ্বাসের ঋণ' এখন ব্যাংকের গলার ফাঁস
বিভিন্ন ব্যবসায়ীকে বিশ্বাসের ভিত্তিতে অর্থায়ন করে ফেঁসে গেছে ব্যাংকগুলো। এলটিআর নামের (লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিট বা বিশ্বাসের ঋণ) ঋণগুলো তাঁরা নিয়েছিলেন আমদানি করা নিত্যপণ্য বাজারজাত করতে সর্বোচ্চ তিন মাসের জন্য। কিন্তু সেই বিশ্বাস তাঁরা ভঙ্গ করেছেন, যথাসময়ে ব্যাংককে টাকা ফেরত দেননি। ফলে হাজার হাজার কোটি টাকা এখন মেয়াদি ঋণ অথবা খেলাপি হয়ে আটকে গেছে।
সুবিধাভোগী এই ব্যবসায়ীরা অবশ্য সেই এলটিআর ঋণগুলো ইতিমধ্যে বিভিন্ন মেয়াদের জন্য পুনঃ তফসিল করে নিয়েছেন। স্বল্প মেয়াদের সেই অর্থ এখন পাঁচ বছর অথবা তারও বেশি সময় ধরে ব্যাংকে ফেরত আসবে। সুদ মওকুফ ও ঋণ মওকুফের ঘটনাও ঘটছে। নতুনভাবে সুদের হার কমানোও হয়েছে।
এই ঋণের প্রকৃত পরিমাণ কত, তা অবশ্য জানার সুযোগ এখনো হয়নি। তবে দুই বছর আগে প্রথম আলোর অনুসন্ধানে এলটিআরের অপব্যবহার, ঝুঁকি ও অর্থনীতিতে এর প্রভাবের দিকটি উন্মোচিত হলে বাংলাদেশ ব্যাংক একটি সমীক্ষার উদ্যোগ নেয়। ২০১২ সালের মার্চ পর্যন্ত তথ্য-উপাত্ত ধরে করা ওই ‘আংশিক সমীক্ষা’য় সাড়ে ৩৫ হাজার কোটি টাকা এলটিআর ঋণের হিসাব পাওয়া যায়। সমীক্ষার অংশ হিসেবে কয়েকটি ব্যাংকের চট্টগ্রামের বিভিন্ন শাখায় গিয়ে সরেজমিন তথ্য সংগ্রহ করে সমীক্ষা দল।
তবে সমীক্ষায় অংশ নেওয়া কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, এতে এলটিআরের পুরো চিত্র উঠে আসেনি। এই কর্মকর্তাদের ধারণা, সেই সময়েই (২০১২) এলটিআর অর্থায়নের পরিমাণ আরও অনেক বেশি ছিল। সূত্রমতে, শীর্ষ পর্যায়ের নির্দেশনায় কাজ অসমাপ্ত রেখেই সমীক্ষা দলকে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরত আসতে হয়েছিল।
দুই বছর আগে প্রথম আলোর অনুসন্ধানের ভিত্তিতে করা সিরিজ প্রতিবেদনে বলা হয়েছিল, ব্যাংক খাতে তারল্য-সংকট, নিত্যপণ্যের বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মূল্যস্ফীতির মূল কারণ এলটিআর ও আমদানি অর্থায়ন। ব্যাংকগুলোর দেওয়া এই ঋণ উপাদান অপব্যবহারের কারণেই অর্থনীতির বিভিন্ন খাতে সৃষ্টি হয়েছিল বড় ধরনের সমস্যা। পরবর্তী সময়ে এই ভিত্তিকেই প্রধান কারণ মনে করে বাংলাদেশ ব্যাংক কিছু বিধিবিধানে পরিবর্তনও আনে।
পুনঃ তফসিল ছাড়াও অনেক ক্ষেত্রে এই ঋণগুলো রাইট অফ বা অবলোপনও করা হয়েছে। অর্থাৎ, নজরের বাইরে পৃথক হিসাবে চলে গেছে। মামলা করা হয়েছে। কিন্তু দেশের বাস্তবতায় এই মামলার ফলাফল কী হবে, তা নিয়েও বিশ্লেষকদের সংশয় আছে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এলটিআরগুলো যেসব বড় গ্রুপের কাছে গিয়ে আটকে গেছে, আমরা সেই গ্রুপ ধরে কিছু করিনি। ব্যাংকঋণ আদায়ে কী ব্যবস্থা নিচ্ছে, আমরা সেগুলো দেখছি, ব্যবস্থা নিচ্ছি।’ তিনি আরও বলেন, খেলাপি ঋণ পুনঃ তফসিলের একটা সুযোগ দেওয়া হয়েছে। সেখানেও এই ঋণের কিছু মেয়াদি ঋণ করা হয়েছে। এলটিআর মেয়াদি ঋণে রূপান্তরের বিষয়টি নতুন নয়।
পণ্য আমদানির জন্য ব্যবসায়ীকে বাণিজ্যিক ব্যাংকে আমদানি ঋণপত্র (এলসি) খুলতে হয়। ব্যবসায়ীদের এই পর্যায়ে কিছু নগদ অর্থ জমা করতে হয়। নিত্যপণ্যের ক্ষেত্রে সাধারণভাবে তা এলসি মূল্যের ১০ শতাংশ। এলসির দলিলপত্র এলে ব্যাংক অর্থায়ন-সুবিধা দেয়। এর মধ্যে এলটিআর, অর্থাৎ বিশ্বাসের ভিত্তিতে ঋণ সর্বাধিক। এলটিআরের ক্ষেত্রে ব্যাংকের আওতায় মালামাল থাকে না। তবে লিম বা লোন এগেইনস্ট ইমপোর্টেড মার্চেন্ডাইজের ক্ষেত্রে ব্যাংকের গুদামে মালামাল থাকে।
এ দুই ধরনের ঋণসুবিধারই বিপুল অপব্যবহার হয়েছে প্রায় এক দশক ধরে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ অর্থায়নের পরিমাণ ও গ্রাহকের সংখ্যা উভয়ই বিপুলভাবে বেড়েছে।
নিত্যপণ্য ছাড়াও শিল্পের কাঁচামালের ক্ষেত্রেও এলটিআর বা লিম-সুবিধা দেওয়া হয়েছে। সে ক্ষেত্রেও বড় অঙ্কের ঋণ মেয়াদোত্তীর্ণ ও খেলাপি হয়েছে, পরবর্তী সময়ে যা মেয়াদি ঋণে পরিণত হয়েছে। জাহাজভাঙা শিল্পের ক্ষেত্রে এমন তথ্য-উপাত্তও মিলেছে অনুসন্ধানে।
সাম্প্রতিক পরিস্থিতি: চট্টগ্রামের সোনালী ব্যাংকের আগ্রাবাদ শাখায় গিয়ে জানা যায়, সাত-আটটি বড় অঙ্কের ঋণ মিলে মোট সাড়ে তিন শ কোটি টাকার ঋণ গত বছর অবলোপন করা হয়েছে। এগুলো সবই ছিল এলটিআর অর্থায়ন। যেসব প্রতিষ্ঠানের ঋণ অবলোপন করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইমাম ট্রেডার্স, জাসমির ভেজিটেবল মিলস, মহিউদ্দিন করপোরেশন, এস এ অয়েল রিফাইনারি, এ কে এন্টারপ্রাইজ ও কামাল এন্টারপ্রাইজ।
চট্টগ্রাম অঞ্চলে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) দিদার মো. আবদুর রব প্রথম আলোকে বলেন, খারাপ মানের এই ঋণগুলো অবলোপন করা হয়েছে। এগুলো আগের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আমলে দেওয়া ঋণ। তবে মামলা করা হয়েছে।
রূপালী ব্যাংকের আগ্রাবাদ করপোরেট শাখার সূত্র জানায়, তাদের খেলাপি প্রতিষ্ঠান মাররিন ভেজিটেবল অয়েলের চারটি এলটিআর ও আটটি পিএডি বা পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট (গুদামে মালামাল রেখে) ঋণের মোট ১৭৩ কোটি টাকা পুনঃ তফসিল করেছে পরিচালনা পর্ষদ। এগুলোকে এখন মেয়াদি ঋণে পরিণত করে ১২টি সমান কিস্তিতে পরিশোধের সময় নির্ধারণ করা হয়েছে। এগুলো মন্দ মানের খেলাপি ঋণ ছিল।
শুধু চট্টগ্রামে নয়, অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় শাখা খেলাপি প্রতিষ্ঠান রূপগঞ্জ ট্রেডিং কোম্পানির সিসি হাইপো ও এলটিআর মিলে সুদসহ মোট ৯৩ কোটি ৪৩ লাখ টাকার ঋণ পরিচালনা পর্ষদ ২০১৮ সাল পর্যন্ত পুনঃ তফসিল করেছে। এর মধ্যে সিসি হাইপো ২০ কোটি টাকা। বাকি সব এলটিআর, যা দ্বিতীয় দফায় পুনঃ তফসিল হয়েছে। এ ক্ষেত্রে আগের সুদের হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৬ শতাংশ করা হয়েছে।
এলটিআরের স্থলে ডেফার্ট পেমেন্ট: সরেজমিনে চট্টগ্রামের বিভিন্ন ব্যাংক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন ব্যাংকগুলো এলটিআর অর্থায়নকে নিরুৎসাহিত করছে। নতুন যে নামে অর্থায়ন হচ্ছে, তাকে বলা হচ্ছে ডেফার্ট পেমেন্ট বা বিলম্বে অর্থ পরিশোধ। অর্থাৎ, বিদেশ থেকে মালামাল আসার পর আমদানিকারকের ব্যাংক বিদেশি ব্যাংকের দায় পরিশোধ আগের মতোই করছে। তারপর আমদানিকারকের জন্য ১২০ থেকে ১৮০ দিনের একটা কিস্তি করে দিচ্ছে। যদি একটি কিস্তি পরিশোধে আমদানিকারক ব্যর্থ হয়, তাহলে পরের ঋণপত্র (এলসি) খোলা হবে না।
বেসরকারি ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় নূরজাহান গ্রুপের প্রায় ৬০০ (সুদসহ) কোটি টাকার এলসি (ঋণপত্র) অর্থায়ন মেয়াদি ঋণে পরিণত করা হয়েছে। পরিশোধের মেয়াদ করা হয়েছে ২০১৮ সাল পর্যন্ত। এলটিআর না হলেও এটি আমদানি অর্থায়ন ছিল। ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ইভিপি নজরুল ইসলাম বলেন, ‘আমরা এখন আর নতুন করে কোনো এলটিআর দিচ্ছি না। আমরা ডেফার্ট পেমেন্ট বা ডিপি অর্থায়ন করছি। মোট ১৮০ দিনের এই অর্থায়ন-সুবিধায় কেউ মাসিক কিস্তি দিতে ব্যর্থ হলে তার আর নতুন এলসি খোলা হবে না।’
বাংলাদেশ ব্যাংকের সমীক্ষা: বাংলাদেশ ব্যাংকের ২০১২ সালের মার্চ পর্যন্ত সময়ে করা আংশিক সমীক্ষায় বলা হয়েছিল, ‘চট্টগ্রাম শহরে অবস্থিত কতিপয় বৃহৎ গ্রুপের অনুকূলে প্রদত্ত এলটিআরের পরিমাণ, এলটিআর সমন্বয়ের প্রবণতা, ব্যাংকিং লেনদেনের চিত্রসহ এলটিআরের বিপরীতে বকেয়া পরিশোধের সক্ষমতার বিষয়টি উদ্বেগজনক। যেমন: মেসার্স ইলিয়াস অ্যান্ড ব্রাদার্স, ইমাম গ্রুপ, মোস্তফা গ্রুপ, নূরজাহান গ্রুপ, এইচ আর গ্রুপ, এস আলম গ্রুপ।’
সমীক্ষায় আরও বলা হয়, একই গ্রুপভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে স্থানীয় এলসি খুলে পরবর্তী সময়ে এলটিআর-সুবিধা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে পণ্য সরবরাহ না দিয়ে শুধু কাগুজে প্রমাণাদি দেওয়ার মাধ্যমে ব্যাংকঋণ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বলা হয়েছে, কিছু শাখায় এলটিআরের মেয়াদ বারবার বৃদ্ধি করে খেলাপি হতে দেওয়া হয়নি। বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামের ১২-১৫ গ্রুপকে ৪০-৫০ হাজার কোটি টাকা আমদানি ঋণ দেওয়া হয়েছে। ফলে ব্যাংক খাতে অতিরিক্ত ঋণঝুঁকির পাশাপাশি অন্যান্য উন্নয়নশীল কর্মকাণ্ডে ঋণের চাহিদা সংকুচিত হচ্ছে।
সমীক্ষায় করা সুপারিশে বলা হয়, বৃহৎ গ্রুপসমূহের ঋণ কার্যক্রম সার্বক্ষণিক তদারকির জন্য বাংলাদেশ ব্যাংকে একটি বিশেষ সেল গঠন করতে হবে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে কোনো বিশেষ সেল গঠন করা হয়নি। নির্দিষ্ট সময়সীমা পার করার পর এলটিআরের সময় বাড়ানোর আগেই বিক্রীত পণ্যমূল্যের মাধ্যমে ব্যাংকঋণ সমন্বয় নিশ্চিত করাসহ আরও কয়েকটি সুপারিশ থাকলেও কোনোটিই বাস্তবায়ন করা হয়নি।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এলটিআর নির্দিষ্ট সময়েই সমন্বয়ের জন্য ব্যাংকগুলোর নিজস্ব ব্যবস্থাপনা থাকা উচিত। ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা এখন অনেকাংশে ভেঙে পড়েছে। ঋণ আদায়ের বাস্তবসম্মত পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা দরকার।
সাবেক এই গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংককে সময়োচিত ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। ব্যাংক খাতে সুশাসনের যে অভাব তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে।