'বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলার হাতিয়ার তথ্যপ্রযুক্তি'
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল বিশ্বের শক্তিশালী হাতিয়ার তথ্যপ্রযুক্তি। অনেক উন্নয়নশীল দেশ এই হাতিয়ার ব্যবহার করে এগিয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার কক্সবাজার শহরের একটি হোটেলে বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদ আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক মাহমুদ আবদুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পলিটেকনিক ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ এইচ রশীদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার। স্বাগত বক্তব্য দেন সম্মেলন সচিব অধ্যাপক আসাদুজ্জামান। উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম বলেন, বাংলাদেশের ৬০ ভাগেরও বেশি মানুষ গ্রামে বাস করে। সমাজের দরিদ্র, অবহেলিত ও প্রান্তিক জনসাধারণ সেখানেই বেশি থাকে। তাদের জন্য তথ্যপ্রযুক্তি আরও সহজলভ্য করে তুলতে হবে।
এই আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।