ভরদুপুরে রাস্তায় শ তিনেক শিক্ষার্থী। কয়েকটি দলে ভাগ হয়ে মাপজোখ ও অংকনে ব্যস্ত। ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গণআদালত ও শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনসহ বাঙালির সংগ্রাম ও বিজয় ফুটিয়ে তলছেন তুলির আঁচড়ে। এক দশমিক ৭৫ কিলোমিটার দীর্ঘ এই সড়ক আলপনা আঁকা হচ্ছিল সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে এ কর্মযজ্ঞ। আঁকা শেষ হলে এটিই বিশ্বের দীর্ঘতম সড়ক আলপনা হবে বলছেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় ও আয়োজক সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে আলপনার মাপজোখ ও খসড়া অংকন শুরু হয়। বিরতির পর বেলা তিনটার দিকে আবার খসড়া অংকন শুরু করেন শিক্ষার্থীরা। মূল আলপনা অংকন শুরু হয় সন্ধ্যা পৌনে সাতটায়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে গোলচত্বর পর্যন্ত সড়ক আলপনায় পর্যায়ক্রমে বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস, ছয় দফা দাবি, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাস তুলে ধরা হচ্ছে। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল থেকে গোলচত্বর পর্যন্ত পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা, জেল হত্যা, স্বৈরাচারবিরোধী আন্দোলন, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন ও গণআদালত এবং শাহবাগে প্রজন্ম চত্বরে তরুণ প্রজন্মের চলমান আন্দোলন তুলে ধরছেন শিক্ষার্থীরা।আলপনাটির নকশা করেছেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। এটি আঁকা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে। এর আগে গত বছরের পহেলা বৈশাখের আগের রাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বেসরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল ও প্রথম আলোর উদ্যোগে আঁকা হয় প্রায় তিন লাখ বর্গফুটের আলপনা।