‘বিষটোপে’ সংকটাপন্ন হাকালুকির পাখিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোর নামতেই দলবেঁধে আসা দূর দেশের পাখিরা খাবারের খোঁজে ভিড় জমায়। সেখানকার পাড়ে ছিটিয়ে রাখা হয় একধরনের ‘বিষটোপ’। সেগুলো খেয়ে মারা যায় ভিনদেশি পাখিরা। আর শিকারিরা ছুটে এসে ওই পাখিগুলো কুড়িয়ে জবাই করে বস্তায় ভরে বিক্রির উদ্দেশে নিয়ে যায়। বিক্রিও হয় চড়া দামে। শীত মৌসুমে বিত্তশালী পরিবারে বিয়ে অনুষ্ঠান অথবা শহরের বড় বড় রেস্তোরাঁয় ভোজনে পাখির মাংস মেলে। আর এই অপতৎপরতার কারণে দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে আশ্রয় নেওয়া জলচর পাখিদের জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলাজুড়ে হাকালুকি বিস্তৃত। সেখানে ছোট বড় ২৩৮টি বিল (জলমহাল) আছে।এলাকাবাসীর ভাষ্যমতে, গত শনিবার গভীর রাতে শিকারিরা হাওরের জুড়ী উপজেলা অংশের ‘তুরল’ বিলের পাড়ে ‘বিষটোপ’ ছিটিয়ে রাখে। গতকাল রোববার ভোরে খাবারের খোঁজে আসা লেঞ্জা, ভুতিহাঁস ও সরালি জাতের শতাধিক পাখি ‘বিষটোপ’ খেয়ে মারা যায়। পরে অজ্ঞাত দুই ব্যক্তি মৃত পাখিগুলো কুড়িয়ে জবাই করে চটের বস্তায় ভরে দ্রুত সটকে পড়ে। এর আগে গত শুক্রবার ভোরে পার্শ্ববর্তী ‘চাতলা’ বিলের পাড়ে ‘বিষটোপ’ দিয়ে লেঞ্জা, শামুকখোল, খুন্তেহাঁসসহ বিভিন্ন জাতের তিন-চার শ পাখি হত্যা করা হয়। ‘চাতলা’ বিলের কাছে বোরো ধান চাষে ব্যস্ত কয়েকজন কৃষক জানান, প্রতিদিন ভোরে তাঁরা বাড়ি থেকে হাওরের উদ্দেশে রওনা দেন। প্রায়ই বিলের পাড়ে মৃত পাখি পড়ে থাকতে দেখেন তাঁরা।পাখিবিশেষজ্ঞ ইনাম আল হক উদ্বেগের সঙ্গে বলেন, ‘বিষটোপ দিয়ে পাখিহত্যা বন্ধ করা না গেলে হাকালুকিতে পাখির সংখ্যা কমে যাবে। কারণ, পাখিরা খুবই বুদ্ধিমান। জীবন সংকটাপন্ন আঁচ করতে পারলে তারা স্থান ত্যাগ করে ফেলবে দ্রুত। তাই জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।’জুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা বলেন, ‘বিশাল হাকালুকি হাওরের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা করা শুধু একটি উপজেলা প্রশাসনের পক্ষে সম্ভব নয়। হাওরপাড়ের পাঁচটি উপজেলার সমন্বিত উদ্যোগ দরকার। কর্তৃপক্ষের কাছে লিখিত প্রস্তাব পাঠাব।’ জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান জানান, প্রায়ই তাঁরা পাখিহত্যার খবর পান। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় না।