‘বিষ’ ঢেলে মাছের পোনা নিধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের জয়পাশা এলাকায় একটি মাছের খামারে দুর্বৃত্তরা ‘বিষ’ ঢেলে বিভিন্ন জাতের লাখ লাখ মাছের পোনা নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার বিকেলে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, জয়পাশার হজরত শাহ কামাল (রহ.)-এর মাজারের কাছে দুই ব্যক্তির মালিকানাধীন প্রায় পাঁচ একর আয়তনের একটি পুকুর আছে। ২০০০ সালের দিকে স্থানীয় জাহান সিদ্দিক মালিকদের কাছ থেকে ইজারা নিয়ে ‘আদর্শ মৎস্য খামার’ নামে ওই পুকরে মাছের চাষ শুরু করেন। মাছ ধরা শেষে গত মে মাসের শুরুতে তিনি খামারটিতে রুই, কাতলা, মৃগেল, সরপুঁটি ও তেলাপিয়া জাতের প্রায় ১১ লাখ মাছের পোনা ছাড়েন। খামারে একজন পাহারাদার নিয়োজিত আছেন।সূত্র জানায়, গত মঙ্গলবার ভোরে পাহারাদার খামারের পানিতে বিভিন্ন জাতের লাখ লাখ মাছের পোনা মরা অবস্থায় ভাসতে দেখেন। পরে বিষয়টি তিনি মালিককে জানান। এসব পোনা মাছ দৈর্ঘ্যে দুই-আড়াই ইঞ্চি ছিল।পাহারাদার আবদুল হাসিমের ভাষ্যমতে, গত সোমবার রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এই সুযোগে কে বা কারা খামারের পানিতে ‘বিষ’ ঢেলে দিয়েছে বলে তিনি ধারণা করছেন।খামার দেখাশোনার দায়িত্বে থাকা মালিকের ছেলে জুনায়েদ সিদ্দিক (৩০) কান্নাজড়িত কণ্ঠে জানান, এতে তাঁদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে গত মঙ্গলবার বিকেলে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।