স্বামী বিদেশে যাবেন। এক লাখ টাকা দরকার। বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে ওই টাকা আনতে স্বামী ও তাঁর পরিবারের লোকজন চাপ দেন। এতে অপারগতা প্রকাশ করায় গৃহবধূর ওপর চলত শারীরিক নির্যাতন। শেষমেশ হত্যার উদ্দেশ্যে তাঁর (গৃহবধূ) জন্য আনা কাশির ওষুধে ‘বিষ’ মিশিয়ে রাখা হয়। এই ওষুধ খেয়ে বিষক্রিয়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর গর্ভের বাচ্চা নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। স্বামী মনতুজ আলীর (২৫) বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে। আর গৃহবধূ বিলকিস আক্তারের (১৯) বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার ইউসুফনগর গ্রামে। অসুস্থ বিলকিস জুড়ী উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।গৃহবধূ ও তাঁর স্বজনদের ভাষ্যমতে, গত বছরের ২০ সেপ্টেম্বর মনতুজ ও বিলকিসের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর মনতুজ মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন। বাবার বাড়িতে কয়েক দিন বেড়িয়ে গত ৩১ মে বিলকিস শ্বশুরবাড়ি ফিরেন। এ সময় তিনি সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে পড়লে মনতুজ স্থানীয় বাজার থেকে একটি কাশির সিরাপ কিনে আনেন। ৫ জুন সকালে বোতল থেকে সিরাপ ঢেলে খাওয়ার পরপরই বিলকিস বমি শুরু করেন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়ভাবে তাঁর চিকিৎসা করানো হয়। খবর পেয়ে স্বজনেরা ওই দিনই বিলকিসকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসেন।৬ জুন সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক লুৎফর রহমান গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বলেন, ‘আলট্রাসনোগ্রাম করে দেখা গেছে, বিলকিসের গর্ভের বাচ্চা নড়াচড়া করছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাচ্চাটি নষ্ট হয়ে গেছে। বিষক্রিয়ায় এ অবস্থা ঘটতে পারে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে (বিলকিস) সরকারি হাসপাতালে স্থানান্তর করা হবে।’বিলকিস কেঁদে কেঁদে বলেন, ‘এক লাখ টেখার লাগি তাঁরা (স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন) আগেও মাইরধইর করতা। ইখান (জুড়ী) থাকি যাওয়ার পরে কইলাম, আওরর (হাওর) ধান পানিয়ে নষ্ট করিলাইছে। আব্বা আর ভাইয়ের কাছে কোনো টেখাপয়সা নাই। তাঁরা আমারে মারছইন। মঙ্গলবার সকাল বেলা ওষুধ খাওয়ার পর তিত্তায় (তেতো) বমি আরম্ভ করছি। এর পরে আর কিচ্ছু কইতাম পারি না।’জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মনতুজ আলীর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।