'বিসিএসে পাহাড়ি কোটা পূরণে নীতিমালা দরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএসের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় কত নম্বর পেলে একজন পাহাড়ি পরীক্ষার্থী কৃতকার্য হবেন, সে ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা নেই। এ কারণে বিসিএসে পাহাড়ি কোটা পূরণ হয় না। তাই বিসিএস পরীক্ষায় পাহাড়ি কোটা পূরণের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন।

গতকাল মঙ্গলবার বিকেলে রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকায় মালেয়া ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক ও চাকমা সার্কেল কার্যালয় আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।

সরকারি চাকরিতে পাহাড়ি কোটাবিষয়ক মতবিনিময় সভায় মূল প্রবন্ধ পাঠ করেন চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায়। এতে তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি কোটা যা-ই বলা হোক না কেন, দেখা যায় কোটার ৫০ জনের মধ্যে দেওয়া হচ্ছে মাত্র ৯ জনকে। বাকি ৪১টি অপূর্ণ থেকে যাচ্ছে। বিসিএস পরীক্ষায় পাহাড়ি কোটার নীতিমালা না থাকার কারণে পরীক্ষার্থীরা পরীক্ষার বিভিন্ন ধাপে গিয়ে বাদ পড়ছেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, শিক্ষাবিদ অধ্যাপক মংসানু চৌধুরী, আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি শক্তিপদ ত্রিপুরা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক রাজীব চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, জ্যেষ্ঠ আইনজীবী দীপেন দেওয়ান, দীননাথ তঞ্চঙ্গ্যা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমা, হেডম্যান থোয়াই অং মারমা।