‘বিড়ালের’ নেওয়া অর্থ পুঁজিবাজারে ফেরাতে সুরঞ্জিতের পরামর্শ
পুঁজিবাজার থেকে তুলে নেওয়া অর্থ ফেরানোর মাধ্যমে বাজার স্থিতিশীল করতে সরকারের প্রতি পরামর্শ দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘যেসব বিড়াল টাকা নিয়ে গেছেন, তাঁদের নাম বলতে চাই না। কিন্তু আপনারা আপনাদের টাকা ফেরত দেন, বাজার স্থিতিশীল হয়ে আসবে।’গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ‘খালেদা জিয়ার রোড মার্চ: দেশ ও জাতির সর্বনাশ’ শীর্ষক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে আওয়ামী তরুণ লীগ।কয়েক দিন আগে আরেক আলোচনা সভায় পুঁজিবাজার সম্পর্কে গৃহীত পদক্ষেপকে ‘শুঁটকিবাজারে বিড়াল চৌকিদার’ বলে মন্তব্য করেছিলেন সুরঞ্জিত।সুরঞ্জিত বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল একবার বলছেন যুদ্ধাপরাধের বিচার মানেন, আরেকবার বলছেন মানেন না। কেন তিনি বারবার ইয়েস-নো, ইয়েস-নো করে যাচ্ছেন, তা আমার বোধগম্য নয়।’আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর বলেন, স্বৈরশাসক গাদ্দাফি বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিলেন। তাঁর সঙ্গে বাংলাদেশের স্বৈরশাসক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সুসম্পর্ক ছিল। বাংলাদেশে এই স্বৈরশাসকদেরও গাদ্দাফির মতো পরিণতি হবে।