‘বিয়া না করলে খবর আছে’
‘তোরে আমার খুব ভালা লাগছে। আমি তোরে বিয়া করমু। তুই রাজি অই যা। বিয়া না করলে খবর আছে মনে রাখিছ!’—রাস্তায় এক স্কুলছাত্রীকে একা পেয়ে এভাবেই হুমকি দিয়েছেন এক তরুণ। এ ঘটনা ঘটেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলায়।মেয়েটি (১২) একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে। ওই তরুণের নাম টিপু মিয়া (১৯)। তাঁর বাড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে।মেয়ে ও তার স্বজনদের ভাষ্যমতে, গত শনিবার সকালের দিকে বিদ্যালয়ে যাওয়ার সময় টিপু মেয়েটিকে রাস্তায় একা পেয়ে পথরোধ করে প্রেমের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তিনি মেয়েটিকে হুমকি-ধমকি দিয়ে চলে যান। ওই দিন সন্ধ্যার দিকে টিপু ওই ছাত্রীর বাড়িতে যান। মেয়েকে তাঁর কাছে তুলে দিতে ছাত্রীর মাকেও তিনি হুমকি দেন। পরে ছাত্রীর স্বজনেরা বিষয়টি টিপুর পরিবারের লোকজনকে জানান। কিন্তু তাঁরা তাতে কান দেননি। এ অবস্থায় গতকাল রোববার সকালে ছাত্রীর স্বজনেরা এ ব্যাপারে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে মৌখিক অভিযোগ করেন।ছাত্রীর চাচার ভাষ্য, টিপু বখাটে প্রকৃতির। কয়েক মাস আগে বাছিরপুর গ্রামের আরেক ছাত্রীকেও তিনি (টিপু) উত্ত্যক্ত করেন।ওসি মাহবুবুর রহমান বলেন, টিপুকে গ্রেপ্তারের জন্য গতকাল সকালেই তাঁর বাড়িতে পুলিশ পাঠানো হয়। পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।টিপুর বাবা হাবিব মিয়া জানান, তাঁর ছেলে বাড়িতে নেই। কোথায় গেছেন তা-ও জানেন না। তবে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।