'বিয়ে করতে দিল না ইয়াবা'
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরের অটোরিকশার গ্যারেজের মালিক মিষ্টু মিয়ার (২৭) বিয়ের দিন ধার্য ছিল কাল রোববার। এরই মধ্যে বর ও কনেপক্ষ বিয়ের প্রস্তুতি শেষ করেছে। কিন্তু গতকাল শুক্রবার বিকেলে ঘটে গেল বিপত্তি।
গ্যারেজ বন্ধ করে মিষ্টু মিয়া বাড়ি ফিরবেন—এমন সময় হাজির পুলিশ। গ্যারেজে ইয়াবা আছে বলে তল্লাশি শুরু করে। একপর্যায়ে মিষ্টুর বিছানার নিচ থেকে মেলে ২৬টি ইয়াবা বড়ি। মাদক আইনে গ্রেপ্তার করা হয় তাঁকে।
জানা গেছে, মিষ্টুর বাড়ি পৌর শহরের গাইলকাটা মহল্লায়। বাবা মঞ্জিল মিয়া স্থানীয়ভাবে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তবে মিষ্টু অটোরিকশার জন্য গ্যারেজ ভাড়া দিতেন। পারিবারিকভাবে কাল রোববার তাঁর বিয়ের দিন ঠিক করা হয়।
পুলিশ জানায়, তাদের কাছে খবর আসে, মিষ্টুর মাধ্যমে ইয়াবার একটি বড় চালান ঢাকায় নেওয়ার প্রক্রিয়া চলছে। গোয়েন্দা অনুসন্ধানে এমন তথ্যের সত্যতা মিলেছে। এরপর বিকেলে মিষ্টুর গ্যারেজে অভিযান চালিয়ে ২৬টি ইয়াবা বড়ি পাওয়া যায়।
পুলিশ হেফাজতে মিষ্টু বলেন, ‘আমি এখন বিয়ের কাজ নিয়ে ব্যস্ত। এ জন্য গ্যারেজ বন্ধ করে বাড়ি ফিরছিলাম। আমার ধারণা, শত্রুতার জের ধরে কেউ গ্যারেজের বিছানার নিচে ইয়াবা রেখে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। ইয়াবা আমায় বিয়ে করতে দিল না।’
কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম বলেন, মিষ্টুর বাবা একজন মাদক ব্যবসায়ী। মিষ্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।