'বিয়ে ১৮ বছরের কমে নয়'
বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মেরেতো লুনডেমো বলেছেন, বাংলাদেশের মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরের কম হওয়া উচিত নয়। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে নারী আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদের জাতীয় পরিষদের দুই দিনব্যাপী সভার উদ্বোধনী অধিবেশনে মেরেতো লুনডেমো এ কথা বলেন।
মেরেতো লুনডেমো বলেন, তৃণমূলের নারী সংগঠকদের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধের মতো অনেক প্রতিকূলতা অতিক্রম করা সম্ভব। এ দেশের সব পর্যায়ের ও সব শ্রেণির নারীদের আত্মবিশ্বাস অত্যন্ত ইতিবাচক।
অনুষ্ঠানে দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম রাজনৈতিক ও মতাদর্শিক বিভাজনের বাইরে গিয়ে একটি বৃহৎ ঐক্য তৈরি করে নারীর প্রতি বৈষম্যমূলক আইনসহ অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলোর বিরুদ্ধে একটি গণ-আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন।
‘সংগঠনকে সংহত করি: একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করি’—এই স্লোগানকে নিয়ে শুরু হওয়া মহিলা পরিষদের অভ্যন্তরীণ মূল্যায়ন ও পরিকল্পনাবিষয়ক জাতীয় পরিষদের সভায় ৫৯টি জেলা শাখার প্রায় ৫০০ সংগঠক অংশ নেন।
অনুষ্ঠানে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন বাংলাদেশের দেশীয় প্রতিনিধি ক্রিস্টিন সুশান হান্টার বলেন, বাংলাদেশের প্রায় সব ক্ষেত্রে নারীরা আছেন এবং এখনো প্রতিটি ক্ষেত্রে নারীর জন্য চ্যালেঞ্জ বিদ্যমান।