বাল্যবিবাহ রোধে বিয়ের বয়স কমানোর চিন্তা প্রতিক্রিয়াশীল তৎপরতা। বিয়ের বয়স কমানোর চিন্তা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র।
গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরে সংগঠনের সদস্যদের নিয়ে মিছিল করে এক সমাবেশ থেকে নেতারা এ আহ্বান জানান।
বিকেল চারটায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মিছিল শেষে কোর্ট পয়েন্টে সমাবেশ হয়।
নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সংগঠক তামান্না আহমেদের সভাপতিত্বে সমাবেশে বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি সিলেট জেলার সদস্য হুমায়ুন রশীদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, নারী মুক্তি কেন্দ্রের সদস্য ইশরাত রাহী ও লক্ষ্মী পাল বক্তব্য দেন।
বক্তারা সিলেটে সংঘটিত নারী নির্যাতনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তাঁরা বাল্যবিবাহ রোধে বিয়ের বয়স কমানোর তৎপরতাকে প্রতিক্রিয়াশীল বলে উল্লেখ করে অবিলম্বে এ তৎপরতা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান।