‘বিয়্যান হওয়ার আগেই সবকিছু নদীত চইল্যা গেল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এমন ভাঙন ও পানি বাড়ন কোনো দিন দেহি নাই। ভাইবল্যাম বিয়্যান বেলায় ঘরবাড়ি ভাইঙা নিয়া যাব। কিন্তু রাইতের মধ্যেই চাপ চাপ ধইর্যা ভাইঙা সবকিছু চোহের সামনে শেষ অয়া গেল। বিয়্যান হওয়ার আগেই সবকিছু নদীত চইল্যা গেল।’কথাগুলো বলছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী জগতলা গ্রামের আবদুল লতিফ। গত শনিবার ভাঙনকবলিত এলাকা ঘুরে অনেকের মুখে এ ধরনের কথা শোনা গেছে। ভাঙনে শাহজাদপুরের ছয় শতাধিক বাড়ি, পাঁচ শতাধিক বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। অন্যত্র বাড়ি সরিয়েছে তিন শতাধিক লোক। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলাকাবাসী জানান, আকস্মিকভাবে যমুনা নদীতে পানি বাড়ায় কৈজুরী ইউনিয়ন থেকে গালা ইউনিয়নের তারুটিয়া পর্যন্ত সাত কিলোমিটার দক্ষিণ অংশের জগতলা, কাশিপুর, বাশুরিয়া, চিথুলিয়া, দেওয়ান তারুটিয়া, ধলাই, তারুটিয়া, বেনুটিয়া, মারজান, শৈরপপুর গ্রামের বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে।অন্য দিকে ঠুটিয়া থেকে উত্তর অংশে ছয় কিলোমিটার এলাকার ভাঙন রোধে বালির বস্তা ফেললেও বাঁধের ওপরের অংশে ভাঙন শুরু হয়েছে। পাউবোর কৈটোলা বিভাগ পাবনা কার্যালয় থেকে যমুনা-মেঘনা নদী তীর সংরক্ষণ ও প্রতিরোধ প্রকল্পের আওতায় ওই কাজ চলছে। কৈজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জাহাঙ্গীর ও শফিকুল অভিযোগ করে বলেন, ‘এক সপ্তাহ ধরে নদীতে পানি বাড়ায় ভাঙনের পরিধি বেড়েছে। বালির বস্তা নিচ থেকে তীরের উপরিভাগ পর্যন্ত স্থাপনের নিয়ম থাকলেও পাউবো তা করেনি। তাই পানি উপচে তীরের ওপরের অংশে আঘাত করে। কোনো কোনো স্থানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে ভাঙন শুরু হয়েছে। আমরা নির্বাহী প্রকৌশলীর কাছে জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি।’ তিনি জানান, যেখানে বালির বস্তা ফেলার কাজ শুরু হয়নি, সেখানে চার-পাঁচ ফুট করে মাটির দলা ধসে পড়ছে। এ অবস্থা চললে এক সপ্তাহের মধ্যে গ্রামগুলোর পুরো অংশ নদীতে বিলীন হয়ে যাবে।এ বিষয়ে পাউবো পাবনা জেলার কৈটোলা বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রেজাউল করিম জানান, ভাঙনের হাত থেকে রক্ষা পেতে প্রাথমিকভাবে দেশীয় প্রযুক্তির সাশ্রয় প্রকল্পে কাজ শুরু হয়েছে। বরাদ্দ না থাকায় নদীর তীরের ওপর পর্যন্ত বস্তা স্থাপন করা হয়নি। তবে ওপরের অংশ ভেঙে গেলেও ক্ষতি নেই। বস্তাগুলো তুলে বন্যার পরে স্থায়ী কাজের জন্য সিসি ব্লক স্থাপন করা হবে। তিনি জানান, এ বাঁধের দক্ষিণ অংশে আরও চার কিলোমিটার কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। বাকি তিন কিলোমিটার কাজের বরাদ্দ না থাকায় দরপত্র আহ্বান করা হয়নি। এ কাজগুলো সম্পন্ন হলে শাহজাদপুর এলাকা ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।