'বীরত্বকথায়' উজ্জীবিত শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে গতকাল সন্ধ্যায় ছয় নারী মুক্তিযোদ্ধার হাতে এক লাখ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়৷ ঢাকার সানিডেল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা টিফিনের টাকা জমিয়ে এ টাকা প্রথম আলোর মাধ্যমে ‘চেতনায় ৭১ হবিগঞ্জ’ এর মাধ্যমে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া এই নারীদের প্রদান করেছে l প্রথম আলো
হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে গতকাল সন্ধ্যায় ছয় নারী মুক্তিযোদ্ধার হাতে এক লাখ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়৷ ঢাকার সানিডেল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা টিফিনের টাকা জমিয়ে এ টাকা প্রথম আলোর মাধ্যমে ‘চেতনায় ৭১ হবিগঞ্জ’ এর মাধ্যমে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া এই নারীদের প্রদান করেছে l প্রথম আলো

ছয় নারী মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করে তাঁদের বীরত্বগাঁথা উন্মোচিত করেছে চেতনায় ’৭১ হবিগঞ্জ নামের একটি সংগঠন। প্রথম আলো সেই বীরত্বকথা প্রকাশ করায় খুদে শিক্ষার্থীরাও উজ্জীবিত হয়েছে। টিফিনের টাকা জমিয়ে অর্থ সহায়তায় এগিয়ে এসেছে তারা। এই দুই উদ্যোগ এককথায় অসাধারণ।
চেতনায় ’৭১ হবিগঞ্জ—এর মাধ্যমে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া ছয় নারী মুক্তিযোদ্ধার হাতে ঢাকার সানিড্যাল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের অনুদানের এক লাখ ২০ হাজার টাকা হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শুক্রবার চেতনায় ’৭১ হবিগঞ্জ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে টাকা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের শুরুতে চেতনায় ’৭১ হবিগঞ্জের সম্পাদক ও হবিগঞ্জ-সিলেটের সংরক্ষিত আসনের নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী স্বাগত বক্তব্য দেন। সংগঠনের সভাপতি ভাষাসৈনিক সৈয়দ আফরোজ বখতের সভাপতিত্বে অনুষ্ঠানে আজহার আলী, আইনজীবী মুরালী ধর দাশ, নিজামুল হক লস্কর, প্রাণগোপাল দাশ ও প্রথম আলোর পক্ষে সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী বক্তব্য দেন।
স্বাগত বক্তব্যে সাংসদ কেয়া চৌধুরী নারী মুক্তিযোদ্ধাদের সন্ধান ও তাঁদের অধিকার সচেতনতার কথা তুলে ধরেন।
মুক্তিযুদ্ধে পা হারানো ফারিজা খাতুনের বিষয়টি তুলে ধরে কেয়া চৌধুরী বলেন, ‘প্রথম আলোর শীর্ষ থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মীরাও আমাকে সহায়তা করেছেন। এতে আমরা সাংগঠনিকভাবে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছি।’
স্বীকৃতি পাওয়া ছয় নারী মুক্তিযোদ্ধা হচ্ছেন হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের রাজিয়া খাতুন, চুনারুঘাট উপজেলার গোছাপাড়া গ্রামের পুষ্প শুক্ল বৈদ্য, চান্দপুর চা-বাগানের হীরামণি সাঁওতাল, গোছাপাড়া গ্রামের মালতী রানী শুক্ল বৈদ্য, বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের ফারিজা বেগম ও চুনারুঘাটের চানপুর এলাকার সাবিত্রী নায়েক। গতকালের অনুষ্ঠানে তাঁরা উপস্থিত হন।
ফারিজা বক্তৃতা দিতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘আমি তো দাঁড়াতেই পারতাম না। প্রথমত মনোবল এনে দিয়েছে সংগঠন (চেতনায় ’৭১), তারপর প্রথম আলো ‘পা’ দিয়ে দাঁাড়নোর শক্তি দিয়েছে। আজ আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে নই, দুই পাঁয়ে হেঁটে এই অনুষ্ঠানে এলাম।’
মুক্তিযুদ্ধ চলাকালে ১৯ এপ্রিল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামে পাকিস্তানি সেনাদের বোমায় একটি পা উড়ে যায় ফারিজার। সৌভাগ্যক্রমে বেঁচে গেলেও ৪৩ বছর তাঁর চলাফেরার একমাত্র ভরসা ছিল ক্রাচ। ২০০৮ সালে তৃণমূল পর্যায়ে মুক্তিযোদ্ধাদের অনুসন্ধানে কাজ করার সময় তাঁকে খুঁজে পায় চেতনায় ’৭১ হবিগঞ্জ। এ সংগঠনের চেষ্টায় গত বছরের ৯ ডিসেম্বর হবিগঞ্জের আরও পাঁচ নারীর সঙ্গে পা হারানো ফারিজার নামও মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়।
চেতনায় ’৭১ হবিগঞ্জ ফারিজাকে সহায়তার জন্য প্রথম আলো ট্রাস্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে। পরে তাঁর কৃত্রিম পা সংযোজনের উদ্যোগ নেয় প্রথম আলো। এ বছরের ৯ জানুয়ারি ঢাকায় শুরু হয় ফারিজার চিকিৎসা। চিকিৎসা শেষে কৃত্রিম পা নিয়ে হবিগঞ্জে নিজের বাড়ি পৌঁছান তিনি।
২০১০ সালের ২৭ মার্চ ফারিজাকে নিয়ে প্রথম আলোয় ‘বঙ্গবন্ধুর চিঠি ও একজন ফরিজা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।