'বুকটা ছটফট করতেছে'

আমেনা বেগমের (৪০) ছোট ছেলেটির দুদিন ধরে জ্বর ও বমি। এই খবর পাওয়ার পর গত বুধবার বিকেল থেকে কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে তিনি রংপুরগামী ট্রেনের অপেক্ষায় আছেন। ট্রেন যদি চলে যায় এই ভয়ে নির্ঘুম রাত কাটিয়েছেন। কিন্তু ট্রেন আসেনি।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধের তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার আমেনার মতো আরও অনেকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে এভাবেই অপেক্ষায় ছিলেন। দূর থেকে রোগী নিয়ে ঢাকায় আসার সময়ও পথে পথে ভোগান্তিতে পড়েছেন অনেকে।
গতকাল বেলা দেড়টায় কমলাপুর রেলস্টেশনে কথা হয় আমেনা বেগমের সঙ্গে। তিনি জানান, তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। ১৫ দিন আগে তিনি ঢাকায় এসে গেন্ডারিয়ায় দিনমজুরের কাজ শুরু করেন। এই কদিনে মাত্র পাঁচ দিন কাজের সুযোগ পেয়েছেন। দৈনিক ২০০ টাকা করে পাঁচ দিনে এক হাজার টাকা আয় করেছেন। ঘরভাড়া বাবদ দিয়েছেন ৭০০ টাকা আর ৩০০ টাকা খরচ হয়েছে খাবারের জন্য। কিন্তু গত কদিনের অবরোধে তিনি কোনো কাজ পাননি। বুধবার সকালে তাঁর স্বামী জলিল মিয়া একজনের ফোনে ছোট ছেলে রাজুর (১০) ভীষণ জ্বর ও বমির খবর জানান। ছেলেকে দেখার জন্য গ্রামের বাড়ি যেতে একজনের কাছ থেকে ২০০ টাকা ধার করে তিনি কমলাপুর রেলস্টেশনে এসেছেন।
অশ্রুসজল চোখে আমেনা জানান, ‘ছেলেটাকে দেখবার জন্য বুকটা ছটফট করতেছে, ভয়ে বুকটা ছ্যাঁত কইরা উঠতেছে। যারা হরতাল দিসে তাগো অবস্থা আমার মতো হইলে হেরা আমার কষ্ট বুঝবার পারতো।’
আমেনার পাশেই বসেছিলেন আমিনা (৫০)। তাঁর বাড়ি দিনাজপুর। নির্মাণশ্রমিকের কাজ করেন তিনি। সিমেন্টের বোঝা টানতে গিয়ে তিনি পড়ে ব্যথা পেয়েছেন। ঢাকায় তাঁকে দেখার কেউ নেই। তাই গ্রামে ফিরে যেতে বুধবার সন্ধ্যায় স্টেশনে এসেছেন। এখানে এসে তিনি আরও দুর্ভোগে পড়েছেন। প্রচণ্ড জ্বর নিয়ে অপেক্ষা করেছেন তবুও ট্রেন পাননি।
আমিনা বলেন, ‘আমাগো অসুবিধার কথা কেউ ভাবে না, তারা ভোটের লাগি মারামারি করে। আর এই যে জ্বর নিয়া বসি আছি, কষ্ট পাইতেছি, তা নিয়া কারও মাথাব্যথা নাই?’
রেলস্টেশনের প্ল্যাটফর্মে মাথায় হাত দিয়ে ছেলেমেয়ে নিয়ে বসেছিলেন রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা গ্রামের বাসিন্দা শাফিয়ত জামান। সাভারে ভাঙারির ব্যবসা করেন তিনি। কয়েক দিন আগে তাঁর মা সুফিয়া খাতুন মারা গেছেন। কুলখানির জন্য গ্রামের বাড়ি যেতে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত তিনিও রংপুরগামী ট্রেনের অপেক্ষায় আছেন। তিনি প্রশ্ন রাখেন, ‘শান্তিমতো কি মায়ের কুলখানিও করতে পারমু না?
বাংলাদেশ রেলওয়ের ঢাকার প্রধান ট্রেন নিয়ন্ত্রক জহিরুল হক রংপুর থেকে ছেড়ে আসা ট্রেনগুলো দেরি হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, অবরোধের কারণে বিভিন্ন স্থানে সমস্যা হচ্ছে। তাই ট্রেন দেরি হয়েছে।
যাত্রীদের কাছ থেকে জানা গেছে, মঙ্গলবার রাতে রংপুর থেকে ছেড়ে আসা কোনো ট্রেন গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত কমলাপুর পৌঁছায়নি।
অবরোধের কারণে রোগী নিয়েও অনেকে ভোগান্তির শিকার হয়েছেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিসিডিডিআরবি)তে নরসিংদি থেকে ১০ বছরের মেয়েকে নিয়ে এসেছেন কবিতা রানী দাস। গতকাল বিকেলে তিনি এই প্রতিবেদককে জানান, একটি অ্যাম্বুলেন্সের চালককে চার হাজার টাকা ভাড়া দিয়ে রাজি করিয়ে তবেই ঢাকায় আসতে পেরেছেন।