শিশুর ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের বুকের দুধই যথেষ্ট। কিন্তু ছয় মাস বয়সের পর এর পাশাপাশি শিশুকে ঘরে তৈরি সুষম পুষ্টিকর খাবার দিতে হবে। দেশে শিশুকে এই বাড়তি পুষ্টিকর খাবার দেওয়ার ক্ষেত্রে অগ্রগতি আশানুরূপ নয়। প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেছেন বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পুষ্টিবিদ এস কে রায়। আজ বুধবার থেকে শুরু হওয়া বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রাক্কালে তাঁর সাক্ষাৎকারটি নেওয়া হয়। আলাপচারিতায় এস কে রায় বলেন, জন্মের এক ঘণ্টার মধ্যে শালদুধসহ মায়ের দুধ খাওয়ালে নবজাতকের মৃত্যুর হার শতকরা ৩১ ভাগ কমে। আর ছয় মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ালে (পানিও নয়) শিশুমৃত্যুর ঝুঁকি আরও ১৩ শতাংশ কমে। তবে ছয় মাসের পর বুকের দুধের পাশাপাশি শিশুকে ঘরে তৈরি সহজপাচ্য পুষ্টিকর খাবার খাওয়ালে ঝুঁকি কমে আরও ছয় শতাংশ। শিশুর সঠিক বৃদ্ধির জন্য ছয় মাস বয়সের পর থেকে দুই বছর পর্যন্ত মায়ের দুধ এবং তার পাশাপাশি পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিতে হবে। এস কে রায় বলেন, শিশুকে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে বাংলাদেশের অর্জন অনেক ভালো। তবে ছয় মাসের পর বাড়তি খাবার দেওয়ার চিত্রটি এখনো ততটা ভালো নয়। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ ২০১১ অনুযায়ী, শতকরা ৬৪ ভাগ শিশুকে ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ানো হচ্ছে। তবে সঠিকভাবে বাড়তি খাবার দেওয়া হচ্ছে মাত্র শতকরা ২১ ভাগ শিশুকে। এ পুষ্টিবিদ বলেন, ‘কোনো কোনো শিশুর শরীরের বৃদ্ধি হওয়া তো দূরের কথা, কমেও যায়। তা ঘটে যথাযথভাবে মায়ের দুধ ও বাড়তি খাবার না পাওয়ার জন্য।’ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বলেন, ছয় মাস বয়সের পর শিশুর উচ্চতা ও ওজন বাড়ার সঙ্গে সঙ্গে মায়ের দুধের পাশাপাশি আরও খাদ্যের দরকার হয়। একেই সম্পূরক বা বাড়তি খাদ্য বলে। এস কে রায়ের মতে, শিশু অপুষ্টির একটা মূল কারণ সম্পূরক খাদ্যের ঘাটতি। বর্তমানে দেশের ৪১ শতাংশ শিশু খাটো, ৩৬ শতাংশ শিশুর ওজন কম এবং ১৬ শতাংশ শিশু শীর্ণদেহ।এই পুষ্টিবিদ আরও বলেন, শিশুকে কতবার কী পরিমাণে কী খাবার দিতে হবে তা অনেকেই জানেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী শিশুকে খাদ্যের ছয়টি বিভাগের মধ্যে কমপক্ষে চারটির খাবার যথেষ্ট পরিমাণে দিতে হবে। খাদ্যের বিভাগ ছয়টি হলো: ১. শস্য, ২. মাছ-মাংস ও ডিমের মতো প্রাণিজ আমিষ, ৩. উদ্ভিজ্জ আমিষ (যেমন ডাল), ৪. ফল ও শাক-সবজি, ৫. তেল ও চর্বি এবং ৬. দুধ ও দুগ্ধজাত খাবার। এস কে রায় বলেন, শিশুর শরীরের গঠনের জন্য ডিম ও ডালের ভূমিকা গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন, মাছ-মাংস খেলে শিশুর ক্ষতি হতে পারে—এ ধারণা ভুল। আর ঘরে তৈরি দেশীয় খাবার দিয়েই শিশুকে স্বাস্থ্যবান করে গড়ে তোলা যায়। সহজে ও স্বল্পমূল্যে ঘরে তৈরি খাবার হতে পারে খিচুড়ি। এতে থাকবে দুই মুঠ চাল, এক মুঠ ডাল, একটি ডিম, পাঁচ চা চামচ তেল ও একমুঠ শাক-সবজি। এই খিচুড়ি চার ভাগ করে শিশুকে খাওয়ানো যায়। এ ছাড়া পরিমিত পানি ও শরবত খাওয়াতে হবে। শিশুর সুস্বাস্থ্যের জন্য বিদেশি বা কৌটার খাবারের কোনোই প্রয়োজন নেই। সাক্ষাৎকার নিয়েছেন, মানসুরা হোসাইন।